
অনলাইন ডেস্ক :
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমানকে বিদেশ সফরে যাওয়ার সময় বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। রোববার বিকেলে তার নামিবিয়া যাওয়ার কথা ছিল। জানা গেছে, তিনিসহ কেন্দ্রীয় ব্যাংকের ১১ জন কর্মকর্তার একটি দল অফিসিয়াল কাজে যাচ্ছিলেন, কিন্তু বাকি ১০ জন যেতে পারলেও তাকে ফেরত পাঠানো হয়।
উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে হাবিবুর রহমান ডেপুটি গভর্নর পদে নিয়োগ পান। সাম্প্রতিক সময়ে সরকার, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর, ২৬টি সরকারি ও বেসরকারি ব্যাংকের এমডিসহ পরিচালকদের দুর্নীতির অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন (দুদক)-কে চিঠি দিয়েছে। এই তালিকা ইমিগ্রেশন পুলিশের কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।
জুলাই অভ্যুত্থানের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে দুজন ডেপুটি গভর্নরসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করলেও হাবিবুর রহমান এবং নূরুন নাহার ডেপুটি গভর্নর পদে বহাল ছিলেন।