বিকাল ৫:৩২ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলুম-নির্যাতন করে কেউ টিকে থাকতে পারেনি : ভিপি জয়নাল

ফেনী প্রতিনিধি:

ফেনীর মহিপালে সংঘটিত গণহত্যার বিচার এবং সেই সময় ব্যবহৃত সব অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন বিএনপির নেতারা। ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বুধবার (৬ আগস্ট) ফেনী জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় র‌্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা এসব দাবি তুলে ধরেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেন, “নমরুদ-ফিরাউনও জুলুম-নির্যাতনের মাধ্যমে রক্ষা পায়নি, বর্তমান শাসকগোষ্ঠীও পারবে না। ফেনীতে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, তা ইতিহাসে নজিরবিহীন। এসব ঘটনার বিচার একদিন হবেই।”তিনি আরও বলেন, “নিজাম হাজারীর অনুসারীরা আমার বাড়ি ও সমর্থকদের ওপর হামলা চালিয়ে ভাঙচুর করেছে, মারধরের পর পুলিশের কাছে তুলে দিয়েছে। এসব ঘটনার সাক্ষী ফেনীবাসী। আমি জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানাই এবং তারেক রহমানের নির্দেশে আগামী জাতীয় নির্বাচনে ভোটের মাধ্যমে সরকারের পরিবর্তনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।”

বক্তারা বলেন, “যারা জনগণের ভোটাধিকার হরণ করে এবং রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে দেশত্যাগ করেছে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করে শহীদ পরিবার ও ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করতে হবে।”জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্যসচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নেতারা বেলাল আহমেদ, মশিউর রহমান বিপ্লব, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, আবু তালেব ও অ্যাডভোকেট শাহানা আক্তার শানু।

এছাড়াও বক্তব্য দেন—এম এ খালেক, গাজী হাবিব উল্যাহ মানিক, এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, আমান উদ্দিন কায়সার সাব্বির, দেলোয়ার হোসেন বাবুল, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, সাইদুর রহমান জুয়েল, নঈম উল্যাহ চৌধুরী বরাত, এস এম কায়সার এলিন, মোর্শেদ আলম মিলন, হুমায়ুন কবির চৌধুরী এবং জুলেখা আক্তার ডেইজি প্রমুখ।সমাবেশ শেষে প্রেসক্লাব চত্বর থেকে একটি বিজয় র‌্যালি বের হয়, যা শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাংক রোড এলাকায় গিয়ে শেষ হয়।

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
sharethis sharing button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *