
ডেস্ক রিপোর্ট :
বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন আবারও বন্ধ হয়েছে। শুক্রবার (৩০ জুন) রাত পৌনে ৯টা থেকে তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
কারিগরি ত্রুটি, ইন্সপেকশন ও মেইন্টেন্যান্স কাজের জন্য উৎপাদন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে সাংবাদিকরা বিষয়টি না জানলেও দুদিন পর তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সোমবার (৩ জুলাই) বিকেলে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক সাঈদ একরামুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কারিগরি ত্রুটি, ইন্সপেকশন ও মেইন্টেন্যান্সের কাজের জন্য ৩০ জুন রাতে আমরা উৎপাদন বন্ধ করেছি। চার-পাঁচ অথবা ছয় জুলাইয়ের দিকে আবারও উৎপাদন শুরু করা যাবে বলে আশা করা যাচ্ছে। বর্তমানে পর্যাপ্ত কয়লা মজুত থাকলেও আগামী ৫ জুলাই আরও একটি জাহাজে বিপুল কয়লা আসবে। ফলে বর্তমানে কয়লা সংকট নেই।
দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে ২০১০ সালে ভারত ও বাংলাদেশ যৌথ উদ্যোগে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়া হয়। ৯ বছরের কর্মযজ্ঞ শেষে গেল বছরের ১১ জুলাই বয়লার স্টিম ব্লোয়িং স্থাপন করা হয়। এক মাস পরে ১৪ আগস্ট টারবাইন-এ স্টিম ডাম্পিং এবং একদিন পরে ১৫ আগস্ট জাতীয় গ্রিডের সঙ্গে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ (ট্রান্সমিশন) শুরু করা হয়। পরে ১৭ ডিসেম্বর থেকে জাতীয় গ্রিডে বাণিজ্যিকভাবে যুক্ত হয় এখানকার উৎপাদিত বিদ্যুৎ। এরপরে কয়লা সংকট ও কারিগরি ত্রুটির কারণে কয়েকবার বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়েছে এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের। এ ছাড়া ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রের দ্বিতীয় ইউনিট পরীক্ষামূলকভাবে চালু হলেও এখনো বাণিজ্যিক উৎপাদনে আসেনি। আগামী সেপ্টেম্বরের দিকে দ্বিতীয় ইউনিট থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হতে পারে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।