
বিনোদন প্রতিবেদক : বলিউডের বহুল চর্চিত অভিনেত্রী কঙ্গনা রানাউত ইমার্জেন্সিতে আটকে গেলেন! তিনি আটকেছেন নিজের অভিনীত, পরিচালিত ও প্রযোজিত ছবির কারণে। এটির নাম ‘ইমার্জেন্সি’। ৬ সেপ্টেম্বর এটি বিশ্বব্যাপী মুক্তির কথা ছিল। কিন্তু ভারতীয় সেন্সর বোর্ড ছবিটির মুক্তির ছাড়পত্র দেয়নি। ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে এটি মুক্তির সার্টিফিকেট এখনো দেয়নি সেন্সর বোর্ড। কারণ হিসেবে জানা গেছে, ছবিটি সেন্সর বোর্ড থেকে মুক্তির ছাড়পত্র দিলে বোর্ড সদস্যদের হত্যা করা হবে – এমন হুমকি এসেছে।
বিষয়টি নিয়ে কঙ্গনা একটি ভিডিও বার্তায় বলেন, ছবিটি মুক্তির এক সপ্তাহও বাকি নেই। তার আগেই অনেক ধরনের গুজব ছড়িয়েছে যে, আমার ‘ইমার্জেন্সি’ ছবিটি সেন্সর সার্টিফিকেট পেয়ে গেছে। এটি সত্য নয়। বিষয়টি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। এটি সিবিএফসির তরফ থেকে প্রাথমিকভাবে ছাড়পত্র পেলেও সেন্সর সার্টিফিকেট আটকে দেওয়া হয়েছে। কারণ সেন্সর বোর্ডের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, সেই কারণে সেন্সরে বিলম্বিত হচ্ছে।
কঙ্গনা ভিডিওবার্তায় আরও বলেন, ছবিটি নির্মাণের ঘোষণা দেওয়ার পর থেকেই আমার এবং আমার টিমের ওপর হুমকি আসতে থাকে। এখন মুক্তির সময় সেই হুমকি সেন্সর বোর্ডের ওপর আসছে। এটা খুবই দুঃখজনক। চাপ প্রয়োগকারী একটি দল বলতে চাচ্ছে, ছবিতে যেনো মিসেস ইন্দিরা গান্ধীর হত্যা, ভিন্দ্রাওয়ালে হত্যাকাণ্ড এবং পাঞ্জাব দাঙ্গা তুলে আনা না হয়। তাহলে আমরা প্রশ্ন ছবিতে আসলে কী দেখাতে পারবো আমরা ? তবে আমি হার মানার মানুষ নই। এর শেষ দেখে ছাড়বো।
উল্লেখ্য, এর আগে পাঞ্জাবের এক শিখ নেতা কঙ্গনাকে মৃত্যুর হুমকি দেন।ইমারজেন্সি ছবিতে কঙ্গনা ও অনুপম খের ছাড়াও আরও দেখা মিলবে মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়স তালপেড়ে এবং প্রয়াত অভিনেতা সতীশ কৌশককে।