
স্পোর্টস ডেস্ক রিপোর্ট :
২০২১ সালে বার্সেলোনা ছেড়েছেন। সুযোগ ছিল দুই মৌসুম পর পুনরায় ক্লাবটিতে ফেরার। কিন্তু শেষ মুহূর্তে তা আর হয়ে উঠেনি। বার্সেলোনা মেসির জন্য এখন সোনালি অতীত। কিন্তু সেই অতীতের স্মৃতি বহন করা ক্লাবটির সঙ্গে এখন পর্যন্ত মেসির বন্ধন ছিন্ন হয়নি।
তবে তা মনের টানের জন্য না। আর্থিক দেনা পাওনার জন্য। ক্লাব ছাড়লেও বার্সেলোনার কাছে এখনো ৫২ মিলিয়ন ইউরো বকেয়া বেতন পাওনা আছে লিওনেল মেসির। সেই বকেয়া বেতনের অর্থ এখন শোধ করছে বার্সেলোনা। ২০২৫ সাল পর্যন্ত শোধ করা হবে এই অর্থ। ‘লা ভ্যানগার্দিয়া’কে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। খবর গোলডটকম, ফোর্বস
কাতালানদের সঙ্গে বিচ্ছেদ হলেও এখনও বার্সেলোনার নাম আসলে চলে আসে মেসির কথা। আর আসাটাই স্বাভাবিক। ক্লাবটিতে যে নিজের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা। সাত ব্যালন ডি’অরের সবকটিই যে তিনি জিতেছেন ক্লাবটির হয়ে। ক্লাব ছাড়ার দিন নিজে কেঁদেছেন, ভক্তদেরকেও কাঁদিয়েছেন। মূলত ক্লাবের আর্থিক দৈন্যদশার কারণেই ক্লাবকে বিদায় জানাতে হয় তার। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত ক্লাব বার্সেলোনা লিওকে বেতন দিতেও ব্যর্থ হয়েছিল।
চলতি মৌসুমে বার্সেলোনায় ফেরার গুঞ্জন থাকলেও মেসি সাফ জানিয়ে দেন বার্সেলোনায় ফেরার কোনো পরিকল্পনা করছেন না তিনি। গতমাসের ৮ জুন আনুষ্ঠানিকভাবে জানান তিনি আগামী মৌসুমে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিতে যাচ্ছেন। যদিও ক্লাবটি থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এরই মধ্যে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা গণমাধ্যমে জানিয়েছেন, কাতালানরা এখনো মেসির বকেয়া বেতনের অর্থ শোধ করছে। আর ২০২৫ সাল পর্যন্ত এই অর্থ পরিশোধ করবে তারা। ২০২১ সালে মেসি যখন পিএসজিতে যোগ দেন তখন ঋণে জর্জরিত বার্সার কাছে ৫২ মিলিয়ন অর্থ পাওনা ছিল। ২০২২-২৩ মৌসুমে সেই অর্থ পরিশোধের কথা থাকলেও এখনো পর্যন্ত তা পরিশোধে ব্যর্থ ক্লাবটি।
সাক্ষাতকারে লাপোর্তা মেসির ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার ব্যাপারে বলেন, মায়ামিতে যোগ দেয়ার এক মাস আগে থেকেই এ বিষয়ে জানত বার্সেলোনা। তিনি আরও বলেন, লিওনেল মেসি সৌদি আরব কিংবা বার্সেলোনায় যোগ দিচ্ছেন না, এটাও আগেই জানতো বার্সা।