
ডেস্ক রিপোর্ট :
নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব দল নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। সেই সঙ্গে সুষ্ঠু এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনেও কমিশন বদ্ধপরিকর।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) তৃণমূল বিএনপির সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব এসব কথা বলেন।
ইসি সচিব বলেন, তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীর নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে। এ বৈঠকে তারা খোলামেলা আলাপ করেছেন। পাশাপাশি নির্বাচন কমিশন বরাবর ১২টি সুপারিশ তুলে ধরেছেন। সুপারিশগুলো তারা পরবর্তী সময়ে লিখিত আকারে আমাদের জানাবেন।
লেভেল প্লেয়িং ফিল্ড কীভাবে করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সে বিষয়ে কমিশন পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবে। আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন। বৈঠক করার পরই এ বিষয় কমিশন আপনাদের অবহিত করবেন।
এতে সব দলের আস্থা ফিরে আসবে কি না, জানতে চাইলে তিনি বলেন, কী আসবে সেটি পরবর্তী সময়ের বিষয়। আইন যে ক্ষমতা কমিশনকে দিয়েছে সেটি প্রয়োগ করবেন মর্মে কমিশন তাদের আশ্বস্ত করেছেন।