
শরীয়তপুর প্রতিনিধি :
শরীয়তপুর জেলার জাজিরার আলোচিত ডাকাত জসিম মোল্লা (২৮) দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছে। অধিকাংশ সময়ই সে পুলিশের পোশাক ব্যবহার করে ডাকাতি করতে যেত। তার নামে হত্যা মামলাসহ অন্তত ১৯ জনের বেশি মামলা রয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিকেনগর সরকারি কলেজসংলগ্ন মুন্সিকান্দি গ্রামের জলিল শিকদারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত ডাকাত জসিম মোল্লা সেনেরচর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আইয়ুব মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর সেনেরচরের রিপন মোল্লাকে হত্যা করে আলোচনায় আসে ডাকাত জসিম। সে বিভিন্ন সময় দেশের বিভিন্ন জায়গায় ডাকাতি করতে গিয়ে পুলিশ ও র্যাবের হাতে ধরা পড়েছে।
স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার বিকেনগরে ৫নং দলিল শিকদারের বাড়িতে ডাকাতি করতে গিয়েছিল ডাকাত জসিম। এ অবস্থায় নিজেদের মধ্যকার দ্বন্দ্বের জেরে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
জাজিরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠায়।
শরীয়তপুরের নড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আহসান হাবিব জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছি। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।