
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগবিরোধী মিছিল চলাকালে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) রাতে এ ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর মারাত্মকভাবে আহত হন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, লাল টি-শার্ট পরা এক যুবক নেতাকর্মীদের বেধড়ক মারধর করছেন।
তবে, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ফেসবুকে এক পোস্টে দাবি করেছেন, ভিডিওতে লাল শার্টপরা যুবক যাকে মারধর করছেন, তিনি নুরুল হক নুর নন, বরং ছাত্রনেতা সম্রাট। তিনি বলেন, “লাল শার্টপরা ব্যক্তির ওপর দায় চাপিয়ে হামলার বৈধতা দেওয়ার সুযোগ নেই। সেনাবাহিনীর সদস্যরা নুরুল হক নুরসহ আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। তারা আমাদের কার্যালয়ে ঢুকে বাথরুম ভেঙে অনেককে রক্তাক্ত করেছে। অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে।”
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান জানান, ভিডিওতে দেখা ওই লাল শার্টপরা যুবককে একপর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আটক করলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। তিনি বলেন, “আমরা দ্রুত ওই ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করছি।”