
অনলাইন ডেস্ক:
রাজধানীর আদাবরে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এতে আল আমিন নামে আদাবর থানার এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক ব্যক্তিকে আটক করে যৌথ বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান।
পুলিশ জানায়, রাতে আদাবরের সুনিবিড় হাউজিং এলাকার একটি গ্যারেজে অভিযান চালানো হয়। এসময় আদাবর এলাকায় জনি ও রনি গ্রুপের লোকজন দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র দিয়ে হামলা করে।
কুপিয়ে জখম করা হয় গাড়ির ড্রাইভার আল আমিনকে। তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে, পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে নেয়া হয়।
এ ঘটনায় আরও একজন অজ্ঞাত যুবক আহত হয়। এরপর জড়িতদের ধরতে অভিযানে নামে যৌথবাহিনী।