
স্পোর্টস ডেস্ক রিপোর্ট :
লাল বলের একমাত্র ম্যাচে বিপর্যস্ত হওয়ার পর বিরতি দিয়ে আবার বাংলাদেশে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে রোববার (২ জুলাই) ঢাকায় পা রেখেছে রশিদ খান-মোহাম্মদ নবিরা। টেস্ট সিরিজে কিছুটা দুর্বল দল নিয়ে বাংলাদেশে এলেও এবার পূর্ণশক্তির দল নিয়েই টাইগারদের বিপক্ষে লড়বে আফগানরা।
রোববার (২ জুলাই) বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে আফগানিস্তান। দুই ম্যাচের সিরিজে আফগানদের নেতৃত্ব দেবেন রশিদ খান। ১৬ সদস্যের দলে আছেন মুজিব উর রহমান এবং মোহাম্মদ নবির মতো তারকা ক্রিকেটাররাও।
টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ব্যাটিং লাইনের পরীক্ষা নিতে আসছেন আইপিএল মাতানো স্পিনার নূর আহমদ। আইপিএলে বিরাট কোহলির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়া লখনৌ সুপারজায়ান্টসের পেসার নাভিন উল হক এবং সানরাইজার্স হায়দ্ররাবাদের পেসার ফজলহক ফারুকিও থাকছেন টি-টোয়েন্টি স্কোয়াডে।
আফগানদের টি-টোয়েন্টি দলে প্রথমবার ডাক পেয়েছেন তরুণ পেসার ওয়াফাদার মোমান্দ। ২৩ বছর বয়সী পেসার লাল বলে দুইবার আফগানদের প্রতিনিধিত্ব করলেও সাদা বলের সিরিজে এবারই প্রথম। দুই টেস্টে দুটি উইকেট নিয়েছেন ওয়াফাদার।
দুই বছর পর আফগানিস্তান জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ শেহজাদ। ক্যারিয়ারের অনেক ওঠনামার পর এই সিরিজে আবার দলে ফিরলেন আফগান ক্রিকেটের প্রথম দিককার এই তারকা।
ব্যাটারদের মধ্যে নতুন মুখ সেদিকুল্লাহ আতাল। ২১ বছর বয়সী এই ওপেনার ক্যারিয়ারে মোটে একটি টেস্ট ম্যাচ খেলেছেন। ওপেনিং পজিশনে আরও আছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে প্রতিনিধিত্ব করা রহমানউল্লাহ গুরবাজ।