
বিনোদন প্রতিবেদক:
রতন হাসান ও এ আর আকাশের পরিচালনায় এবং জনপ্রিয় নাট্যনির্মাতা ও নাট্যকার সাগর জাহানের রচনায় আজ ৫ জুলাই আর টিভিতে ধারাবাহিক নাটক ‘আক্কেলগঞ্জ হোম সার্ভিস’ প্রচারিত হবে। গল্পে ‘আক্কেলগঞ্জ হোম সার্ভিস’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে দেখা যাবে মীর সিরাজুল ইসলাম মকলেস নামের একজন ব্যক্তিকে। সিরাজুল ইসলাম মকলেস চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
নাটকে মোশাররফম করিম অভিনীত মীর সিরাজুল ইসলাম মকলেস একটা সাইকেল নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। সাইকেলটির সামনে সাইনবোর্ডে তার নাম ও মোবাইল ফোন নম্বর লেখা। পেছনে বড় টিনের বাক্স। তাতে লেখা, ‘আপনার যা কিছু প্রয়োজন, প্রেম-ভালোবাসা থেকে শুরু করে চিংড়ি-মুলা হয়ে রকেট পর্যন্ত। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব।’
‘আক্কেলগঞ্জ হোম সার্ভিস’ নাটকের গল্প দেখা যাবে মকলেসের একসময় পুকুরে মাছ ছিল, গোয়ালভরা গরু ছিল, শাকসবজি আর মুরগির খামার ছিল। তবে ভাইরাসের আক্রমণে সব মুরগি মারা যাওয়ার কারণে এখন খামার নেই, আছে শুধু ঋণের চাপ। প্রতি সপ্তাহে মকলেসকে ঋণের কিস্তি দিতে হয়।
মকলেসের আয় বলতে ছয় মাস আগে শুরু করে হোম ডেলিভারির ব্যবসা। সে আলু-পেঁয়াজ-পটোল থেকে শুরু করে সকালের নাশতা, দুপুরের খাবার, ওষুধ—সবই ডেলিভারি দেয় সাইকেলে করে। পুরো গ্রামের মানুষকে এই সার্ভিস দিতে গিয়েই জন্ম নেয় নানা ধরনের গল্প। এভাবেই এগিয়ে যেতে থাকে। এই নাটকে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আ খ ম হাসান, আরফান আহমেদ, শাহনাজ খুশি,দীপা খন্দকার, নাদিয়া নদী, প্রাণ রায়, রোবেনা রেজা জুঁই প্রমুখ।