সন্ধ্যা ৭:৩৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যন্ত্রণায় লেডি অ্যাকশন চরিত্রে মানসী প্রকৃতি

বিনোদন  প্রতিবেদক : দেশীয় শোবিজের গ্ল্যামার গার্ল মানসী প্রকৃতি। তিনি অভিনয় ক্যারিয়ারে প্রতিনিয়ত বৈচিত্র্যময় সব চরিত্রে নিজেকে মেলে ধরে দর্শকদের ভালোবাসায় ধন্য হয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। সাবলীল অভিনয় প্রতিভায় ছোট পর্দায় মানসী প্রকৃতি নিজেকে চিনিয়েছেন অনেক আগেই। নাটকের পথ ধরে দেশীয় চলচ্চিত্রেও তার অভিষেক ঘটেছিল অনেক আগেই। মাঝে চলচ্চিত্রে বিরতি থাকলেও ফের বিনোদনের এই বৃহৎ মাধ্যমে সরব হয়েছেন তিনি। ক্যারিয়ারের ষষ্ঠ ও মুক্তির দিক দিয়ে চর্তুথ চলচ্চিত্র ‘যন্ত্রণা’ নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন সুন্দরী মডেল – অভিনেত্রী মানসী প্রকৃতি।

তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফ পরিচালিত ‘যন্ত্রণা’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বলে জানান প্রকৃতি। ১০ নভেম্বর দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। এতে প্রকৃতির সহশিল্পী চিত্রনায়ক আদর আজাদ। ‘যন্ত্রণা’ নিয়ে প্রকৃতি বলেন, লেডি অ্যাকশন গল্পে এই ছবিটি নির্মিত হয়েছে। এতে আমার চরিত্রের নাম পুষ্প। পুষ্পকে ঘিরেই গল্পটি এগিয়ে যাবে। অ্যাকশন চরিত্রে এবারই প্রথম অভিনয় করেছি। চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং। ছবিতে প্রচুর মারপিটের দৃশ্য আছে। চেষ্টা করেছি পর্দায় অ্যাকশন লেডির রুদ্রমূর্তি ফুটিয়ে তুলতে। গল্পে অনেক বাঁক রয়েছে। নিজের চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে চেষ্টার কমতি ছিল না। আশা করছি, গল্প ও চরিত্র মিলিয়ে ছবিটি এবং পুষ্প চরিত্রটি দর্শকের ভালো লাগবে।

জানা যায়, ‘শেষ কথা’ নামের একটি চলচ্চিত্র দিয়ে চিত্রনায়িকা হিসেবে অভিষেক হয়েছিল প্রকৃতির। এছাড়াও ‘জল শ্যাওলা’ ছবিসহ আরও একটি ছবি মুক্তি পেয়েছে তার। বর্তমানে প্রকৃতি অভিনীত ‘l’দুই ঘণ্টা দশ মিনিট’ ও ‘রং রোড – আদুরী অধ্যায়’ নামের ছবি দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

চলতি শোবিজ ক্যারিয়ারের বেশ সুসময় পার করছেন প্রকৃতি। বর্তমান নাটকের ভিউয়ের দৌড়েও এগিয়ে রয়েছেন তিনি। যার প্রমাণ তার অভিনীত প্রায় নাটকগুলোই। আরও প্রমাণ তার সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত নাটকগুলো। প্রকৃতির নাটক প্রকাশ্যে আসতেই দ্রুততম ইউটিউব ভিউয়ের তালিকায় স্থান করে নেয়। দর্শকের এই ভালোবাসায় উচ্ছ্বসিত মানসী প্রকৃতি। চেনা ছন্দের বাইরে গিয়ে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে অনেক আগেই নিজেকে প্রমাণ করেছেন এই গ্ল্যামারাস অভিনেত্রী। বর্তমানে ছোটপর্দায় বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি বেশকিছু নাটকের কাজ শেষ করেছন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *