সন্ধ্যা ৬:৩১ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিবিহীন মায়ামির জয়, সুয়ারেজের দুই পেনাল্টি

স্পোর্টস ডেস্ক:

লিওনেল মেসি ইনজুরির কারণে বাইরে, কোচ হাভিয়ের মাশ্চেরানো লাল কার্ড দেখে সাইডলাইন ছেড়েছেন—এমন প্রতিকূলতার মধ্যেও ইন্টার মায়ামি লিগস কাপের সেমিফাইনালে উঠেছে। ফ্লোরিডার ফোর্ট লডারডেলে অনুষ্ঠিত এই খেলায় মায়ামি টাইগ্রেসকে ২-১ গোলে হারিয়েছে। দলের জয়ে দুটি পেনাল্টি থেকেই গোল করেছেন উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেজ।ম্যাচের শুরুতেই মায়ামি এগিয়ে যায়। প্রতিপক্ষের ডিফেন্ডার হাভিয়ের আকুইনোর হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় মায়ামি। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি সুয়ারেজ। তবে মায়ামির স্বস্তি বেশিক্ষণ টেকেনি। প্রথমার্ধে সতীর্থের সঙ্গে ধাক্কা খেয়ে ইনজুরিতে পড়েন ডিফেন্ডার জর্দি আলবা, যার কারণে তিনি আর দ্বিতীয়ার্ধে মাঠে নামতে পারেননি।

দ্বিতীয় ধাপের শুরুতেই রেফারিদের সঙ্গে বিতর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন কোচ মাশ্চেরানো। এরপর তাকে ভিআইপি আসন থেকে সহকারী কোচকে ফোনে কৌশল জানাতে দেখা যায়, যা টিভি ক্যামেরায় ধরা পড়ে। এর ফলে সেমিফাইনালে ডাগআউটে থাকবেন না এই আর্জেন্টাইন কোচ।

৬৭তম মিনিটে টাইগ্রেসের অ্যাঞ্জেল কোরেয়া গোল করে সমতা ফেরালেও, আবারো হ্যান্ডবল থেকে পেনাল্টি পায় মায়ামি। সুয়ারেজ দ্বিতীয়বারের মতো গোল করে দলকে লিডে ফিরিয়ে আনেন এবং শেষ পর্যন্ত সেই ব্যবধানই ধরে রেখে জয় নিশ্চিত করে।

এবার সেমিফাইনালে ইন্টার মায়ামি অরল্যান্ডো সিটি ও মেক্সিকান ক্লাব তোলুকার মধ্যকার জয়ী দলের বিপক্ষে খেলবে। মেসি ও কোচের অনুপস্থিতি সত্ত্বেও সুয়ারেজদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *