রাত ১১:৩২ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে নিখোঁজ ট্রলার চালক ১৭ ঘণ্টা পরও হয়নি উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি :

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার সুবচনী বাজার এলাকার তালতলা ডহুরী খালে প্রচণ্ড স্রোতে বাল্কহেডের নিচে ট্রলার ঢুকে যাওয়ায় ট্রলার চালক আব্দুল কাদির নিখোঁজ হয়েছেন। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ঘটনাটি ঘটে। ১৭ ঘণ্টা পেরিয়ে গেলেও বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১১টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ কাদির উপজেলার চাষিরী গ্রামের মৃত তালেবর মাঝির ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, কাদির দুজন যাত্রী নিয়ে লৌহজং উপজেলার আদাবাড়ি থেকে সুবচনী ঘাটে ফিরছিলেন। এ সময় প্রচণ্ড স্রোতে তার ট্রলার সুবচনী ঘাটে নোঙর করা ‘ধলেশ্বরী’ নামের একটি বাল্কহেডের নিচে ঢুকে যায়। ট্রলার বাঁচাতে গিয়ে কাদির বাল্কহেডের নিচের অংশে মাথায় আঘাত পেয়ে পানিতে তলিয়ে যান। তবে ট্রলারে থাকা যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

নিখোঁজ কাদিরের ভাতিজা সুমন বলেন, “চাচা ২৫ বছর ধরে ট্রলার চালাচ্ছেন। বাল্কহেডের নিচে ট্রলার ঢুকে যাওয়ায় তিনি মাথায় আঘাত পেয়ে পানিতে তলিয়ে যান। আমরা ঘাতক বাল্কহেডটি আটক করেছি।”স্থানীয়রা জানান, সুবচনী বাজারের সালাম ডকইয়ার্ডের সামনে প্রতিদিন ৪-৫টি বাল্কহেড নোঙর করা থাকে। ২০২৩ সালে এই খালে ট্রলারডুবির ঘটনায় ১০ জন নিহত হওয়ার পর জেলা প্রশাসন বাল্কহেড চলাচল নিষিদ্ধ করলেও চাঁদাবাজদের সহযোগিতায় বাল্কহেড চলাচল অব্যাহত ছিল।

টঙ্গিবাড়ী ফায়ার স্টেশনের ইনচার্জ আতিকুর রহমান বলেন, “বৃহস্পতিবার সকাল ৭টা থেকে আমরা উদ্ধার অভিযান চালাচ্ছি। সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চলবে।”

টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাল্কহেডসহ চারজনকে আটক করা হয়েছে। বাল্কহেডটি জব্দ করে নৌ পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *