
ডেস্ক রিপোর্ট :
ঢাকার উত্তরায় বিমানবাহিনীর জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল ও কলেজে হতাহতের ঘটনায় মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাইলস্টোনে হতাহতের ঘটনায় সরকার মঙ্গলবার শোক দিবস ঘোষণা করায় এদিনের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।
এর আগে সোমবার গভীররাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেইসবুক পেইজে এক অ্যাডমিন পোস্টে বলা হয়, “শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলমের সাক্ষাত হয়েছে। আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা।”
উদ্ধার অভিযান শেষে আইএসপিআর পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাইলটসহ ২০ জনের মৃত্যুর তথ্য দেয়।
এই প্রেক্ষাপটে মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সরকার। পাশাপাশি আগামী তিন দিনের জন্য জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার সকল অনুষ্ঠান স্থগিত করে প্রধান উপদেষ্টার কার্যালয়।
বন্যা পরিস্থিতির কারণে এর আগে গত ১০ জুলাই কুমিল্লা শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়।
আর সংঘাতের পর কারফিউ জারির কারণে ১৭ জুলাই গোপালগঞ্জ জেলার ঢাকা, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের আওতাধীন সব পরীক্ষা স্থগিত করা হয়েছিল।