রাত ৮:২০ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইয়ের মৃত্যুর খবরে বাড়ি ফিরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :

চাচাতো ভাইয়ের মৃত্যু খবর শুনে বাড়ি ফিরে গ্রেপ্তার হয়েছেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বাকেরগঞ্জের রুনসি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ জানায়, বাকেরগঞ্জে একক আধিপত্য থাকা পতিত আওয়ামি লীগ সরকারের দোসর লোকমান হোসেন ডাকুয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তার বিরুদ্ধে হত্যাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। এরমধ্যে চার মামলায় জামিনে থাকলেও বিস্ফোরক মামলায় সে পলাতক ছিল।

লোকমান ডাকুয়ার ভাই লিটন ডাকুয়া বলেন, চাচাতো ভাই এনায়েত ডাকুয়া বিকেল সোয়া ৩টার দিকে বাড়িতে মারা যান। তারা একই বাড়িতে থাকেন। মৃত্যু খবর শুনে জানাজায় অংশ নিতে আত্মগোপনে থাকা লোকমান ডাকুয়া বাড়িতে ফেরেন। বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

লিটন অভিযোগ করে বলেন, মরহুমের জানাজা রাত ৯টায় অনুষ্ঠিত হয়েছে। গ্রেপ্তারের পর পুলিশ বলে ছিল যে, জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। কিন্তু দ্রুত আদালতে পাঠানো হয়। লোকমানের নামে ৫টি মামলা থাকলেও তাকে  একটি বিস্ফোরক মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠোনো হয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, একটি বিস্ফোরক মামলায় লোকমান হোসেন ডাকুয়াকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *