
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার (ভিওএ) প্রায় ৫০০ কর্মীকে ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। হোয়াইট হাউস দীর্ঘদিন ধরে ভিওএকে “উগ্রপন্থি” আখ্যা দিয়ে আসছে। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আদালতে দাখিল করা নথিতে বলা হয়েছে, মোট ৫৩২টি পদ বিলুপ্ত করা হবে, যার বেশিরভাগই ভিওএ-এর। এই ছাঁটাইয়ের পর ভিওএ-তে মাত্র ১০৮ জন কর্মী অবশিষ্ট থাকবেন।এর আগে, গত জুন মাসে কারি লেক ৬৩৯ জন কর্মীকে ছাঁটাই করার ঘোষণা দিলেও কাগজপত্রে ত্রুটির কারণে নোটিশগুলো প্রত্যাহার করা হয়। তখন কিছু কর্মী এই ছাঁটাই রুখতে মামলা করেছিলেন।
আদালতের এক রায়ের পরপরই নতুন করে এই ছাঁটাইয়ের ঘোষণা আসে। ওই রায়ে বলা হয়েছিল, ভিওএ-এর পরিচালক মাইকেল আব্রামোভিটজকে বরখাস্ত করার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন সঠিক প্রক্রিয়া অনুসরণ করেনি।
সমালোচকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ সংবাদপত্রের স্বাধীনতার ওপর আঘাত এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রভাব কমিয়ে দেবে।