দুপুর ২:৩৩ শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় চা দোকান ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত অন্তত ২০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থলিয়ারা গ্রামে একটি চা দোকানের জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৭ জুন) সকালে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, থলিয়ারা গ্রামের মর্ধবাড়ির গোষ্ঠীর জয়নাল মিয়া এবং মিন্দালীর গোষ্ঠীর জুবায়েরের মধ্যে একটি দোকান ঘরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে একাধিকবার সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বশেষ সালিসে দোকানটি উচ্ছেদের পক্ষে সিদ্ধান্ত দেওয়া হলেও তা এক পক্ষ মেনে না নেওয়ায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে ওই সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন টেঁটা, বল্লম ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। শুরু হয় দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সৈয়দ জামান মিয়া (৪৮) ও কামাল মিয়াকে (৪৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া রুহুল আমিন (২০) নামে একজন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুনরায় সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে চারজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *