
অনলাইন ডেস্ক :
তিন দফা দাবি আদায়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। এই কর্মসূচির কারণে বৃহস্পতিবার সকাল থেকে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।বুধবারও শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ ও আশপাশের এলাকা অবরোধ করে বিক্ষোভ করেন। দুপুর দেড়টার দিকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ব্যবহার করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
শিক্ষার্থীদের মূল দাবিগুলো সহকারী প্রকৌশলী পদে নিয়োগ: নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার নির্ধারণ করা।
১০ম গ্রেডে আবেদনের সুযোগ: ডিপ্লোমাধারীদের জন্য সংরক্ষিত দশম গ্রেডের পদগুলোতে যেন বিএসসি ডিগ্রিধারীরাও আবেদন করতে পারেন, সেই ব্যবস্থা করা।
‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার: শুধুমাত্র যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করবেন, তারাই যেন ‘প্রকৌশলী’ (ইঞ্জিনিয়ার) পদবি ব্যবহার করতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া।