
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে সভাপতি পদে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন মাহবুব আনাম। তিনি ৩০ বছর ধরে বোর্ডের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন।মাহবুব আনাম বুধবার রাতে সংবাদমাধ্যমকে বলেন, “অনেক দিন ধরেই বিষয়টি নিয়ে ভাবছিলাম।” তিনি আরও বলেন, “বাংলাদেশ ক্রিকেটের পরিস্থিতি যেদিকে যাচ্ছে, সেই জায়গার জন্য আমি নিজেকে উপযুক্ত মনে করি না। আমি একটি শান্তিপূর্ণ এবং ঝামেলাহীন জীবন কাটাতে চাই।”
তার এই ঘোষণার পর বিসিবির কয়েকজন পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য করতে রাজি হননি।
ধারণা করা হচ্ছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে চলা নেতিবাচক প্রচারণায় ব্যথিত হয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সবকিছু ঠিক থাকলে অক্টোবরে বিসিবির পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে।