রাত ১২:৪৩ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বব্যাপী আবারও শুরু হচ্ছে পাঠান জোয়ার

 

বিনোদন  প্রতিবেদক : ইতিপূর্বে এতোটা ব্যাপক হারে আর কোনও ভারতীয় ছবি বিশ্বে ছড়িয়ে পড়েনি। হাজার কোটির পরও নতুন ইনিংস। বিশ্বে ৩ হাজারেরও বেশি পর্দায় মুক্তি পেতে যাওয়া ‘পাঠান’ ছবিটি নতুন রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছে।

চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েই হারিয়ে যায়নি শাহরুখ খানের এই ছবি। ‘পাঠান’ এর ইনিংস হচ্ছে আরও লম্বা। বিশ্ব জুড়ে ১০০০ কোটি টাকার বক্স অফিস সাফল্যের পরেও এই ছবি নতুন করে দৌড় শুরু করতে চলেছে। রাশিয়া এবং কমনওয়েলথ দেশগুলোতে ৩ হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে এবার মুক্তি পাবে স্পাই থ্রিলার ‘পাঠান’। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, রাশিয়ান ভাষায় ডাব করাও হচ্ছে ছবিটি।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির তাই নজির একটি নয়।আগামী ১৩ জুলাই ৩ হাজারেরও বেশি পর্দায় মুক্তি পেয়ে ফের নতুন নজির গড়তে চলেছে ‘পাঠান’। চার বছর পর ‘পাঠান’ দিয়েই পর্দায় প্রত্যাবর্তন করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। এমন বিপুল জনপ্রিয়তা নায়কের জীবনেও বড় প্রাপ্তি। গুপ্তচর চরিত্রে দর্শকের হৃদয়ে নাড়া দিয়েছেন ‘বাদশা’। সেই সঙ্গে নায়িকা দীপিকা পাডুকোনের অভিনয়ও মন ছুঁয়েছে অনুরাগীদের। শাহরুখের পাশে আর এক নায়ক সালমান খানের স্বল্প উপস্থিতি ছবিটিকে অন্য মাত্রা দিয়েছে।

সব মিলিয়ে জমজমাট থ্রিলারটি আন্তর্জাতিক দর্শকের কাছে সমাদৃত হয়েছে। গেলো ১২ মে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও সগৌরবে মুক্তি পেয়েছে ‘পাঠান’। এত দিন ভারতীয় হিন্দি ছবি মুক্তির ক্ষেত্রে আপত্তি ছিল বাংলাদেশ সরকারের। অনেক বছর পর সে দেশে কোনও হিন্দি ছবি মুক্তি পেল। সেখানেও নজির ‘পাঠান’ এর। অতীতে বাংলাদেশে তিনটি হিন্দি ছবি মুক্তি পেয়েছিল। ‘পাঠান’ জনজোয়ার এনেছে প্রেক্ষাগৃহে। ‘পাঠান এর প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস এর আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশনের ভাইস প্রেসিডেন্ট নেলসন ডিসুজা সংবাদমাধ্যমকে বলেন, চলচ্চিত্র সব সময় দেশ, সংস্কৃতি এবং জাতিগত দূরত্ব কমিয়েছে। সীমানার বেড়াজাল পেরিয়ে মানুষকে মুগ্ধ করেছে।

‘পাঠান’ এর বিপুল সাফল্যের পর আরও বড় করে ভাবছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। দর্শক যে অ্যাকশন দেখতে ভালবাসেন, তা তিনি বেশ বুঝে গিয়েছেন। ‘ফাইটার’ নিয়েও নতুন করে চিন্তা ভাবনা করছেন। কানাঘুষো শোনা যাচ্ছে, ‘পাঠান’ এর পরিচালকের পারিশ্রমিক এখন আগের চেয়ে অনেকটাই বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *