
বাসুদেব বিশ্বাস,বান্দরবান : পাহাড়ে মাশরুম চাষ বাড়াতে বান্দরবানে মাশরুম উদ্যোক্তা ও দলভুক্ত চাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে|
শুক্রবার (২৬ জুন) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আয়োজনে, বান্দরবানের হর্টিকালচার সেন্টারের প্রশিক্ষণ কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়|
কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগ এর অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাশরুম উদ্যোক্তা ও দলভুক্ত চাষীদের সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলেন এবং পার্বত্য জেলা বান্দরবানের মাটি, আবহাওয়া, জলবায়ু মাশরুম চাষের উপযোগী বলে আগামীতে মাশরুম উদ্যোক্তা ও দলভুক্ত চাষীদের কৃষি মন্ত্রণালয় থেকে বিভিন্ন সহযোগিতা প্রদানের আশ্বাস দেন| এসময় তিনি আরো বলেন, মাশরুম এক ধরণের সুস্বাদু ও পুষ্টিকর খাবার| মাছ বা মাংসের সমতুল্য নির্দোষ আমিষের চমৎকার উৎস এটি,যা মানবদেহের জন্য প্রয়োজনীয় আটটি অ্যামিনো অ্যাসিডই সরবরাহ করে| মাশরুম খাবারের ফলে নানা ধরণের উপকারিতা রয়েছে বলে মন্তব্য করে এসময় তিনি আরো বলেন, মাশরুম খাবারের ফলে হৃদরোগ নিয়ন্ত্রণ, হাড় মজবুত থাকে, ক্যালসিয়াম- ফসফরাস ও ভিটামিন ডি এর চাহিদা পূরণ হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়|
এসময় প্রধান অতিথি সবাইকে মাশরুম চাষে এগিয়ে আসতে আহবান জানান এবং এর ব্যাপক বাজারমুল্য রয়েছে বলে নিশ্চিত করে সবাই আরো মাশরুম চাষ বৃদ্ধিতে আহবান জানান|
মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক আখতার জাহান কাঁকন, সিনিয়র মরিটরিং অফিসার রিপন প্রসাদ সাহা, কফি ও কাজু বাদাম প্রকল্পের প্রকল্প পরিচালক শহিদুল ইসলাম, হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক লিটন দেবনাথ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক তৌফিক আহমদ নুর, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো.রকিবুল হাসান, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বান্দরবান সদরের বিভিন্ন পাড়ার মাশরুম উদ্যোক্তা ও দলভুক্ত চাষীরা এসময় উপস্থিত ছিলেন|
মতবিনিময় সভা শেষে বিভিন্ন পাড়ার মাশরুম উদ্যোক্তা ও চাষীদের চাষকৃত মাশরুম প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিরা|