
বাসুদেব বিশ্বাস,বান্দরবান: বান্দরবানের ৩০০নং সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী মনোনয়নপত্র দাখিল করেছে।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আরা রিনির কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল আলম, নির্বাচন কর্মকর্তা মো. আবদুল শুক্কুর প্রমুখ।
মনোনয়ন ফরম জমা দিয়ে সাচিং প্রু জেরী বলেন, “নির্বাচিত হলে বান্দরবানের উন্নয়নে কাজ করার চেষ্টা করব।”
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আরা রিনি সকলকে নির্বাচনী আইন মেনে চলার আহ্বান জানান এবং নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, এ পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের জন্য বান্দরবানে মোট ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম ক্রয় করেছেন। এর মধ্যে রয়েছেন বিএনপির জেলা আহ্বায়ক সাচিংপ্রু জেরী, জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মো. আবুল কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মো. আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির (কাদের) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহ, এনসিপির আবু সাঈদ শাহা সুজাউদ্দিন।