বিকাল ৪:৪৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা চালুর চেষ্টা করবে ইন্দোনেশিয়া

ডেস্ক রিপোর্ট :

যত দ্রুত সম্ভব বাংলাদেশিদের জন্য ইন্দোনেশিয়াতে অন অ্যারাইভাল ভিসা চালুর চেষ্টার কথা জানিয়েছেন ঢাকা সফররত দেশটির পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী আরামানথা ক্রিস্টিয়ান নাসির।
সোমবার (২ জুন) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন উপমন্ত্রী।
বাংলাদেশিদের জন্য ইন্দোনেশিয়ার অন অ্যারাইভাল ভিসা চালু নিয়ে করা প্রশ্নের জবাবে উপমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। করোনার পর ভিসার ক্ষেত্রে ইন্দোনেশিয়াতে নতুন প্রক্রিয়া ও পর্যালোচনা শুরু হয়। বাংলাদেশের বিষয়টি ফিরে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরব, যাতে বাংলাদেশিদের জন্য ভিসা প্রাপ্তি সহজ হয়।
উপমন্ত্রী বলেন, ইন্দোনেশিয়া ও বাংলাদেশ সম্পর্ককে আরও দৃঢ় করতে আগ্রহী তার দেশ তাই এবারের সফরটি দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে করা হয়েছে। ভূ-রাজনৈতিক দিক থেকে দুই দেশ খুব কাছাকাছি থাকলেও সম্পর্ক নিবিড় নয়, তাই বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ইন্দোনেশিয়া।
বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে আরামানথা নাসির বলেন, আমরা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়গুলো নিয়ে কথা বলেছি। বাণিজ্য, বিনিয়োগ ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে এবং আমরা আশা করি খুব দ্রুতই বাংলাদেশ ও ইন্দোনেশিয়া মধ্যকার ফরেন অফিস কনসালটেশন হবে। সেখানোই দুই দেশের মধ্যকার ব্যবসা বাণিজ্যের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আরও বিস্তারিতভাবে আলোচনা করা সম্ভব হবে।
রোহিঙ্গা সংকট নিয়ে উপমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যার বিষয়টি আমরা জানি। এটি শুধু বাংলাদেশের জন্য নয়, অঞ্চলের জন্য চ্যালেঞ্জের। রোহিঙ্গা ইস্যু সমাধানে বাংলাদেশের আন্তর্জাতিক মহলের সহযোগিতা লাগবে। তবে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের ব্যাপারে বাংলাদেশের পাশে আছে ইন্দোনেশিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *