
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল বাজার এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন যুবদল কর্মী মিজানুর রহমান (৩৫) এবং জামায়াত কর্মী কফিল উদ্দিন (৪২)।গত সোমবার (২২ সেপ্টেম্বর) জামায়াতের চাম্বল ইউনিয়ন যুব বিভাগের সভাপতি কফিল উদ্দিনের ওপর বিএনপি নেতা-কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে ওই রাত ১১টায় জামায়াত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে, হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেয়।
এ ঘটনার জের ধরে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা উপস্থিত হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যুবদল কর্মী মিজানুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটে।
মিজানুর রহমান অভিযোগ করেন, “পুলিশের উপস্থিতিতে জামায়াত-শিবিরের কর্মীরা আমার ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে।”
স্থানীয় সূত্র জানায়, চাম্বল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানের বাড়ির পাশে স্লুইসগেটের পানি প্রবেশ নিয়ে বিএনপির সমর্থক আহমদ নূর ও জামায়াতের কফিল উদ্দিনের পক্ষের মধ্যে গত চারদিন ধরে বেশ কয়েক দফা সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার রাতে চাম্বল বাজারে বিএনপির বিক্ষোভের সময় জামায়াতের সমর্থকদের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, স্লুইসগেটের পানি নিয়ে কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা ছিল। মঙ্গলবার রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নিয়েছে।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদার বলেন, “দুই পক্ষের উপস্থিতিতে উত্তেজনা দেখা দিলে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”