রাত ১২:১১ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বহুরুপ’ নিয়ে বিপাকে ইধিকা পাল

 

বিনোদন  প্রতিবেদক : বাংলাদেশী প্রিয়তমা ছবিটি দিয়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় ক্যারিয়ারের প্রথম ছবিতেই দর্শক মাত করেছিলেন এই অভিনেত্রী। ইধিকাকে নিয়ে নতুন খবর হলো তিনি নাকি বিপাকে আছেন। তিনি বহুরূপ নিয়েই নাকি বিপাকে। জানা গেছে, বহুরূপ তার অভিনীত কলকাতার একটি চলচ্চিত্রের নাম। তিনি মূলত বাংলাদেশের প্রিয়তমা ছবিতে অভিনয়ের পর কলকাতার ছবির নায়িকা হন। তার এই ছবিটির সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু ছবিটির বাজেট স্বল্পতার কারণে খানিকটা বিপাকেই পড়েছেন ইধিকা। কারণ, অনিশ্চয়তা দেখা দিয়েছে তার অভিনীত বহুরূপ নির্মাণ ও মুক্তির।

কলকাতার সংবাদমাধ্যম থেকে জানা গেছে, গেলো মাসে শুরু হয়েছিল বহুরূপ ছবির শুটিং। উত্তরবঙ্গে আউটডোর শুটিং হয়েছে। কলকাতায়ও শুটিং হয়েছে। কিন্তু সোহম চক্রবর্তী ও ইধিকা পাল অভিনীত এই ছবির শুটিং হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। গুঞ্জন রটেছে – ইউনিটের বকেয়া পারিশ্রমিক নিয়ে সমস্যা দেখা দিয়েছে। মূলত এই কারণেই ছবিটির শুটিং বন্ধ হয়ে গেছে। কবে নতুন করে শুটিং শুরু হবে – এটা এখনও দিন – তারিখ নিশ্চিত করে বলতে পারেননি নির্মাতারা।

এদিকে কাজ শুরুর আগে ঘোষণা দেওয়া হয়েছিল বহুরূপ ছবিতে সোহমকে দর্শক নতুনভাবে আবিষ্কার করবেন। কারণ, এই ছবিতে অভিনেতার সাতটি আকর্ষণীয় লুক থাকবে। ইধিকাও থাকছেন আনকোরা একটি চরিত্রে। ফলে, ঘোষণার পর থেকেই এই ছবিকে ঘিরে দর্শকের কৌতূহল রয়েছে। কিন্তু ছবির শুটিং বন্ধ হয়ে যাওয়ায়, ভাটা পড়ছে দর্শক কৌতূহলে। কবে এটি মুক্তি পাবে ? গল্পে আরও কী টুইস্ট থাকবে ? এসব প্রশ্ন আর করছেন না নেটিজেনরা। অনেকটা ধরেই নিয়েছেন, এই ছবিটি চিরতরে অসমাপ্ত কাজ হিসেবে বাক্সবন্দি হয়েই পড়ে থাকবে। তাই শিল্পী ও কলাকুশলীরাও শঙ্কায় আছেন, বহুরূপ ছবিটি অসমাপ্তই থেকে যায় কিনা।

কলকাতার গণমাধ্যম থেকে জানা গেছে, পরিচালক আকাশ মালাকার বকেয়া পারিশ্রমিক সংক্রান্ত সমস্যার কথা স্বীকার করলেও নিরাশার কথা বলেননি। এই বিষয়ে তিনি বলেছেন, পারিশ্রমিক বাকি থাকায় কিছুটা সমস্যা পড়তে হয়েছিল। কিন্তু তার মানে এই নয়, যে বহুরূপ এর কাজ চিরতরে থেমে গেছে; কোনোদিন আলোর মুখ দেখবে না। আশার কথা হলো, সমস্যা যা ছিল, তার সমাধান এরই মধ্যে করে ফেলেছেন প্রযোজকরা। তাই শুটিং বন্ধ নিয়ে যেসব গুজব ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন।

এই নির্মাতা আরও জানিয়েছেন, মাত্র তিন দিনের শুটিং বাকি আছে, যা এতদিনে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। এখন সিনেমার কলাকুশলীদের কাছ থেকে সময় পাওয়া গেলে চলতি মাসের মধ্যেই যেটুকু শুটিং বাকি আছে, তা শেষ করে ফেলবেন এবং কাজ পরিকল্পনামাফিক শেষ হলে চলতি বছরের শেষ প্রান্তে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে কলকাতার সিনেমা নিয়ে অনিশ্চয়তার মুখে থাকলেও বাংলাদেশে স্বচ্ছন্দে কাজ করে যাচ্ছেন ইধিকা পাল। ‘প্রিয়তমা’র পর আরও একবার শাকিবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন ‘বরবাদ’ নামে নতুন সিনেমায়। অন্যদিকে ‘কবি’ নামে আরেকটি সিনেমায় তিনি জুটি বেঁধেছেন অভিনেতা শরিফুল রাজের সঙ্গে। এরই মধ্যে এই সিনেমার এক-তৃতীয়াংশ কাজ শেষ হয়েছে। শিগগিরই চূড়ান্ত হবে এর মুক্তির তারিখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *