রাত ১:০৯ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যার পর চট্টগ্রাম বোর্ডে এইচএসসি শুরু, অনুপস্থিতি ১৮২৫ জন

চট্টগ্রাম প্রতিনিধি :

বন্যা পরিস্থিতির কারণে স্থগিত থাকার পর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা সোমবার (২৭ জুলাই) পুনরায় শুরু হয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলায় মোট ৭৭ হাজার ৫৫৬ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৭৫ হাজার ৭৩১ জন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৮২৫ জন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ২ দশমিক ৩৫ শতাংশ।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রকাশিত দৈনিক প্রতিবেদনে জানানো হয়, প্রথম দিনের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। মোট ১১৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, চট্টগ্রাম জেলায় ৫৬ হাজার ৫৮৭ পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ৫৫ হাজার ৩৮৫ জন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ২০২ জন এবং একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

কক্সবাজারে ৯ হাজার ৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬৩ জন, রাঙামাটিতে ৩ হাজার ৯৬৬ জনের মধ্যে ১০৯ জন, খাগড়াছড়িতে ৫ হাজার ২১৯ জনের মধ্যে ১৫৪ জন এবং বান্দরবানে ২ হাজার ৬৯২ জনের মধ্যে ৯৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় প্রায় দুই সপ্তাহ পর পুনরায় এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। সব কেন্দ্রেই সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *