রাত ১২:২৩ বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড় ভাইয়ের গুলিতে প্রাণ গেল ছোট ভাইয়ের

পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফলে বড় ভাইয়ের অবৈধ পিস্তলের গুলিতে ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বড় ভাইকে পিস্তলসহ আটক করেছে বাউফল থানা পুলিশ। রোববার (১০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম সাব্বির হোসেন (১৬)। তিনি সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। অভিযুক্ত বড় ভাইয়ের নাম সজিব হোসেন (২৩)।
পুলিশ জানায়, ১০মার্চ সকাল ৮টায় উপজেলার সূর্যমনি ইউনিয়নে ওই ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা ঘটনাটি ধামাচাপা দিতে বিদ্যুৎপৃষ্ট হওয়ার খবর জানিয়ে নিহত সাব্বিরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে হাসপাতাল সূত্রে পুলিশ জানতে পারে ভুক্তভোগীর মাথায় গুলির চিহ্ন দেখা গেছে। ভুক্তভোগী শারীরিক অবস্থা গুরুতর হাওয়ায় তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। ঢাকায় নেয়ার পথে রোববার দিবাগত রাত দেড়টার দিকে মারা যায় ভুক্তভোগী সাব্বির হোসেন।
সোমবার (১১ মার্চ) দুপুরে নিহতের বাড়িতে অভিযান চালিয়ে রান্নাঘরের ভিতরের পাতার বস্তা থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে এই পিস্তল দিয়েই নিহতকে গুলি করা হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই সজিবকে প্রধান সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলেও জানায় পুলিশ।
বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, পুলিশ সুপারের নির্দেশে ঘটনার তদন্তে নেমেছে বাউফল থানা পুলিশ। সন্দেহভাজন হিসেবে ভিকটিমের বড় ভাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের বাড়ি থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *