বিকাল ৩:৫৩ শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, এশিয়াজুড়ে ভয়াবহ সুনামির আশঙ্কা

অনলাইন ডেস্ক :

ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে আঘাত হেনেছে ৭.৮ মাত্রার এক অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প। সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে মাটির মাত্র ৩৫ কিলোমিটার গভীরে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS)। ভূমিকম্পের পরপরই ফিলিপাইনসহ এশিয়ার বেশ কয়েকটি দেশে ভয়াবহ সুনামির সতর্কতা জারি করা হয়েছে।প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের প্রভাবে ফিলিপাইন উপকূলে প্রায় ১০ ফুট উচ্চতার বিশাল জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে। এছাড়া ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া উপকূলে ৩ ফুটের বেশি উচ্চতার ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং জাপান সরকার তাদের উপকূলীয় অঞ্চলে ‘বিপজ্জনক জলোচ্ছ্বাসের’ সতর্কতা জারি করেছে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এক জরুরি বার্তায় মিন্দানাওয়ের উপকূলীয় বাসিন্দাদের কোনো দেরি না করে দ্রুত উঁচু স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, উপকূলীয় কিছু এলাকায় ইতিমধ্যে সমুদ্রের পানির স্তরে পরিবর্তন লক্ষ্য করা গেছে।

অন্যদিকে, জাপানের প্রধানমন্ত্রী সানাডে তাকাচিও নিজ দেশের নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকারি নির্দেশনা পাওয়া মাত্রই যেন সবাই নিরাপদ স্থানে সরে যান, সে বিষয়ে প্রশাসনকে প্রস্তুত রাখা হয়েছে।

বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আতঙ্ক বিরাজ করছে এবং উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার কাজ দ্রুত গতিতে চলছে।

সূত্র: বিবিসি, আলজাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *