রাত ৪:২৩ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেক্ষাগৃহে ২ জুন আসছে বিলাশ খানের সুলতানপুর

বিনোদন প্রতিবেদক : সৈকত নাসিরের পরিচালনায় পলিটিক্যাল থ্রিলার ছবি ‘সুলতানপুর’ সারাদেশে মুক্তি পাবে আসছে ২ জুন। ইতিমধ্যে শুরু হয়েছে এই ছবিটির প্রচারণা। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এর গান ‘জানরে’। বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের ‘বিক্রম বেদা’ ছবিতে ‘অ্যালকোহলিয়া’ গানটি গেয়ে চমক লাগানো গায়ক স্নিগ্ধজিত গেয়েছেন গানটি। শিরোনাম ‘জানরে’। শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে গানটি। এছাড়া আরও সাড়া ফেলছে ‘ফুলকুমারী’ শিরোনামের গানটিও। আলোচনায় এসেছে ছবিটির ট্রেলারও। সম্প্রতি মুক্তি পাওয়া ট্রেলারে দেখা গেল, সীমান্তের রোমাঞ্চকর গল্পে গড়ে উঠেছে ‘সুলতানপুর’ ছবিটি। এর পরতে পরতে আছে উত্তেজনা। সীমান্ত মানেই বহু সংস্কৃতির মেলবন্ধন। বৈচিত্রময় বাণিজ্যের মেঘ ঘোরে এই অঞ্চলের আকাশে-বাতাসে। আর এই ছবিতে অভিনয় করে আলাদাভাবে নজর কেড়েছেন অভিনেতা বিলাশ খান।

বিলাশ খান বলেন, বেশ আগে কাজ শুরু করেছিলাম। এখন ছবিটি মু্ক্তি পাচ্ছে। বলতে গেলে এটা আমার জন্য আনন্দের সংবাদ। যেহেতু অনেকদিন পর আমার একটা সিনেমা হলে আসছে। সুলতানপুর ছবিতে দর্শকরা আমাকে সম্পূর্ণ অন্যরূপে দেখতে পাবে। অন্তত এটাই আমি চাই। যেহেতু সুলতানপুর ছবিটি অন্যরকম গল্পনির্ভর। প্রথমবার আমি একটি সুন্দর গল্প নির্ভর ছবিতে অভিনয় করেছি, যেখানে সবাই হিরো। ছবির চিত্রনাট্য ছিলো আসাধারন, তাই আমি খুবই আশাবাদী যে ছবিটি দর্শক পছন্দ করবেন।

বিলাশ খান অভিনীত উল্লেখযোগ্য ছবি ‘হিরো ৪২০’, ‘রক্ত’, ‘মনে রেখ’। তার অভিনীত ‘জামদানি’ ছবির শুটিং শেষের দিকে। এছাড়া তিনি নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন, যেটির পরিচালক হাসিবুর রেজা কল্লোল।

‘সুলতানপুর’ ছবিটির সার্বিক দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া। আসাদ জামানের চিত্রনাট্যে ও সংলাপের ছবিতে আরও অভিনয় করেছেন আশিষ খন্দকার, ফারুক সুমন, অধরা খান, মৌমিতা মৌ, সাঞ্জু জন, শাহিন মৃধা ও রুম্মান রুনিসহ অনেকেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *