রাত ৩:২৭ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম ছবি পাঠালো ভারতের আদিত্য এল-১

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :
মহাকাশে প্রথম ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েছে ভারতের প্রথম সৌরযান আদিত্য এল-১। ছবিতে নিজের শরীরের বিভিন্ন দেখিয়েছে সৌরযানটি। সেইসঙ্গে পৃথিবী এবং চাঁদেরও ছবি তুলেছে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো টুইটারে আদিত্যর পাঠানো ছবি প্রকাশ করেছে। খবর বিবিসি

সৌরযানটি ১৫ লাখ কিলোমিটার পথ অতিক্রম করে নিজের গন্তব্যে পৌঁছাবে। আদিত্য এল-১ মাত্র ১ শতাংশ পথ পাড়ি দিয়েছে। এর মধ্যেই মহাকাশ থেকে তার তোলা প্রথম ছবি পাঠিয়েছে। সৌরযানটির পুরো পথ পাড়ি দিতে চার মাস সময় লাগবে বলে জানিয়েছে ইসরো।

ইসরো জানিয়েছে, পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে সূর্য ও পৃথিবীর মাঝের এক কক্ষপথ ‘ল্যাগরাঞ্জিয়ান পয়েন্ট’ বা ‘ল্যাগরেঞ্জ পয়েন্ট’-এ ল্যান্ড করবে স্যাটেলাইট আদিত্য এল-১। সূর্যের বাইরের সবচেয়ে উত্তপ্ত স্তর করোনার যাবতীয় তথ্য সে তুলে দেবে আমাদের হাতে। এই সোলার-মিশন তাই সবদিক দিয়েই খুব গুরুত্বপূর্ণ।
সূর্যের বহিস্তরের তাপমাত্রা প্রায় ১ কোটি কেলভিন, নিম্নস্তরের প্রায় ৬০০০ কেলভিন। সূর্যের পৃষ্ঠদেশে ও করোনার তাপমাত্রার ফারাক এবং করোনা থেকে ছিটকে আসা আগুনে রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলে কী ভাবে প্রভাব ফেলে সেটাই খুঁজে বের করবে আদিত্য এল-১। এর জন্য এই উপগ্রহে রয়েছে সাতটি সায়েন্স পে-লোড।
গত ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩-এর ল্যান্ডার ‘বিক্রম’। এর মধ্য দিয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণের কৃতিত্ব দেখায় ভারত। আর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ‘চন্দ্রজয়ী’ দেশের তালিকায় নাম লেখায় দক্ষিণ এশিয়ার দেশটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *