
বিনোদন ডেস্ক:
দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পুরুষদের নিয়ে তার জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। তিনি বলেছেন, তিনি পুরুষদের ঘৃণা করেন না, বরং ঘৃণা করেন পিতৃতন্ত্রকে এবং নারী-পুরুষ উভয়কেই, যারা এই ব্যবস্থা টিকিয়ে রাখে।বাঁধন বলেন, তার জীবনের কিছু পুরুষ তার ব্যক্তিত্ব গঠনে গভীর প্রভাব রেখেছেন। এদের মধ্যে তার বাবা অন্যতম, যিনি তাকে বহুভাবে গড়ে তুলেছেন। এছাড়া, ‘রেহানা’ চলচ্চিত্রের পরিচালক সাদ-এর প্রভাবও তিনি গভীরভাবে অনুভব করেন।
তিনি তার দুই ভাইয়ের কথাও বিশেষভাবে উল্লেখ করেন। তাদের সঙ্গে মতপার্থক্য থাকলেও তারা সবসময় তার পাশে ছিলেন। তিনি জানান, শরিয়াহ আইনে মেয়েরা সম্পত্তির সমান ভাগ না পেলেও তার দুই ভাই নিজেদের অংশ সমানভাবে তার সঙ্গে ভাগ করে নিয়েছেন। বাঁধন এটিকে তাদের ন্যায্যতা ও ভালোবাসা হিসেবে দেখেন।জীবনে ইতিবাচক অভিজ্ঞতার পাশাপাশি কিছু নেতিবাচক ও নিষ্ঠুর পুরুষের কথাও অকপটে বলেছেন বাঁধন। তাদের আচরণ অসম্মানজনক, সহিংস ও অমানবিক ছিল। তবুও তাদের প্রতি তার এক ধরনের কৃতজ্ঞতা আছে। তিনি বলেন, “তারা যতই আমাকে ভাঙতে চেয়েছেন, তাঁদের নিষ্ঠুরতা আমাকে জ্বালিয়ে তুলেছে—অন্যায়ের বিরুদ্ধে আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত করেছে। তারাও আমাকে গড়ে তুলেছে।”
তিনি তার পোস্টে আবারও স্পষ্ট করে বলেন, “ভুল বুঝবেন না। আমি পুরুষদের অপছন্দ করি না, আমি ঘৃণা করি পিতৃতন্ত্রকে। আর হ্যাঁ, আমি পুরুষদের ভালোবাসি।”