পিবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

 

পিরোজপুর জেলা প্রতিনিধি :

ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিকেল ৪:০০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের তাৎপর্য গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, ঐতিহাসিক এই দিনে স্বাধীনতার ঘোষক ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক সিদ্ধান্তে দেশপ্রেমিক সিপাহী ও জনতার অভূতপূর্ব ঐক্যের মাধ্যমে জাতি এক চরম ক্রান্তিকাল থেকে মুক্তি লাভ করেছিল। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য সুদৃঢ় করা,দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার অবিনাশী চেতনায় উদ্বুদ্ধ করে।

আলোচনা সভায় অন্যান্য আলোচকবৃন্দ ও ভাইস-চ্যান্সেলর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের পটভূমি,গণতান্ত্রিক উত্তরণ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে এই দিবসের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা উল্লেখ করেন, দেশের যেকোনো সংকটময় মুহূর্তে জাতীয় সংহতি ও ঐক্যের কোনো বিকল্প নেই।

আলোচনা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের সূচনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক প্রতিপাদ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ভাইস-চ্যান্সেলর পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *