রাত ১০:২৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ দিনের সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান চেয়ার সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উদ্দেশে রওনা করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, সকাল ১০টা ৩০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়। প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবে। পরে স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে জোহানেসবার্গের ও.আর. ট্যাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এরপর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেডিসন ব্লু হোটেল স্যান্ডটনে নিয়ে যাওয়া হবে। দক্ষিণ আফ্রিকা সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।

এর আগে রোববার (২০ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বলেছিলেন, এই সম্মেলনের ফাঁকে আমরা বেশ কয়েকটি বৈঠক করতে যাচ্ছি। শেষ মুহূর্তে বৈঠকগুলো চূড়ান্ত হওয়ায় এগুলো এখন প্রক্রিয়াধীন রয়েছে।
উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর গ্রুপ ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলন হচ্ছে এবার। এর সদস্য দেশগুলো হচ্ছে- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুরা দা সিলভা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। কোভিড-১৯ মহামারি ও এর কারণে বিশ্বব্যাপী ভ্রমণ নিষেধাজ্ঞার পর আয়োজিত এটি প্রথম ব্রিকস শীর্ষ সম্মেলন হতে যাচ্ছে। ২২ থেকে ২৪ আগস্ট এই ব্রিকস সম্মেলন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *