বিকাল ৪:৪৭ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবারের সঙ্গে ঘরোয়া ভাবে মিমের জন্মদিন

বিনোদন  প্রতিবেদক : ছোটপর্দা ও দুই বাংলার চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দেশের আইকনিক মডেল তারকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন ১০ নভেম্বর। মিম বরাবরই ঘরোয়া পরিবেশেই নিজের বিশেষ দিনটি উদযাপন করেন। তিনি জানান, এবারের জন্মদিনিও বরাবরের মতো পারিবারিক আবহে বাসাতেই কাটবে। নিজের জন্মদিন ও বর্তমান পেশাগত কর্মব্যস্ততা নিয়ে সঙ্গে কথা বলেছেন মিম। শুরুতেই তার কাছে জানতে চাওয়া হয়েছিল – জন্মদিন কেমন কাটবে ? উত্তরে তিনি বলেন, জন্মদিনটা আসলে খুব ঘটা করে পালন করা হয় না। বরাবরের মতই বাবা – মা, হাজবেন্ড, পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের সঙ্গে ঘরোয়া আয়োজনেই কাটাবো।

নিজের শৈশবের জন্মদিনের কোনো স্মৃতি সম্পর্কে এক প্রশ্নের উত্তরে মিম বলেন, মায়ের কাছ থেকে ছোটবেলার জন্মদিনগুলোর যত ছবি এবং ভিডিও দেখেছি তার সবগুলোতেই দেখি জন্মদিনের কেক সামনে নিয়ে আমি কাঁদছি। আয়োজন বা লোক সমাগম দেখলেই আমি ঘাবড়ে যেতাম। এখন সেসব ছবি আর ভিডিও দেখলে এখনও হাসি পায়। পাল্টা প্রশ্ন ছিল – বর্তমান ব্যস্ততা কী নিয়ে ? তিনি বলেন, বিভিন্ন ব্র‌্যান্ডের বিজ্ঞাপনের শুটিং নিয়ে বর্তমানে ব্যস্ত আছি। তাছাড়া বেশ কিছু নাটকেরও কথা হয়ে আছে। দেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য সেগুলোর শুটিং পিছিয়ে গিয়েছিল। আশা করছি শীঘ্রি সেগুলোর কাজ শুরু হবে।

সাম্প্রতিক দুই বছরে ‘পরাণ’ এবং ‘দামাল’ এর মতো হিট ছবির পরও নতুন চলচ্চিত্রে দর্শকরা মিমকে কেনো পাচ্ছেন না জানতে চাইলে তিনি বলেন, আমি মূলত অভিনয়কে গুরুত্ব দিয়ে কাজ করি। গল্প ও চরিত্র ভালো লাগলে আমার কাজের গতি এবং আগ্রহ বেড়ে যায়। বিশেষ দিবস উপলক্ষ্যে কিছু নাটকের কাজ করি। তবে আমার শুরু চলচ্চিত্র দিয়ে, তাই চলচ্চিত্রই বেশি করতে চাই। এটি ঠিক, আমি অভিনয় করতে পছন্দ করি, তা সেটা যে মাধ্যমেই হোক। আমার দর্শক এবং ভক্তরাই আমার অনুপ্রেরণা, আমার শক্তি।

কিছুদিন আগেই জানা গিয়েছিল একটি চলচ্চিত্রে বহুল আলোচিত ধর্ষণের শিকার ইয়াসমিনের চরিত্রে মিম অভিনয় করবেন। সেই চলচ্চিত্রটির সম্পর্কে জানতে চাইলে মিম বলেন, সত্য ঘটনা অবলম্বনে ‘আমি ইয়াসমিন বলছি’ নামে চলচ্চিত্রটি তৈরি হওয়ার কথা রয়েছে। এটাও হৃদয় স্পর্শ করার মতো একটি গল্প। গল্প শুনে আমি নিজেও নড়েচড়ে বসি। নিজের ভেতর ইয়াসমিনকে লালন করার চেষ্টা করেছি। আশা করি ভালো কিছু হবে। তবে শুটিং ঠিক কবে নাগাদ শুরু হবে এটা নির্মাতা বলতে পারবেন।

নিজের দাম্পত্য জীবন কেমন উপভোগ করছেন জানতে চাইলে মিম বলেন, খুব ভালো। আমরা হ্যাপী। তবে শীঘ্রি ভক্তরা সুখবর পাবেন বলে জানান মিম। তিনি বলেন, আপাতত কাজ নিয়ে ব্যস্ত আছি, ব্যস্ত থাকতেও চাই। খুব মা হওয়ার সম্ভাবনা নেই, তবে তেমনটা হলে অবশ্যই সবাই জানতে পারবেন।

উল্লেখ্য, মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জন্ম ১৯৯২ সালের ১০ নভেম্বর। লেখক হিসেবেও তার রয়েছে খ্যাতি। লাক্স সুপারস্টার এর ২০০৭ প্রতিযোগিতায় তিনি সেরার মুকুট লাভ করেন। একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত ‌‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। ‘জোনাকির আলো’ চলচ্চিত্রে অভিনয় করে ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। ২০১২ সালের অমর একুশে গ্রন্থমেলায় মিমের প্রথম গল্পের বই ‘শ্রাবণের বৃষ্টিতে ভেজা’ প্রকাশিত হয়। তার পরের বছর অর্থাৎ ২০১৩ সালের বইমেলায় প্রকাশিত হয় তার উপন্যাস ‘পূর্ণতা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *