বিকাল ৪:৪৭ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন হবে ইসির অধীনে, সরকারের অধীনে নয়: হুইপ স্বপন

স্টাফ রিপোর্টার :

জাতীয় নির্বাচন সরকারের অধীনে নয়, নির্বাচন কমিশনের (ইসি) অধীনে হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বুধবার জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, সংবিধান মোতাবেক নির্বাচনকালীন সরকারের এখতিয়ার নেই নির্বাচন বিষয়ে কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার। এমনকি তফসিল ঘোষণার পর এক লাখ টাকার টেন্ডার আহ্বানের ক্ষমতাও সরকারের হাতে থাকবে না। সরকার কেবলমাত্র রুটিন কাজের মধ্যে সীমাবদ্ধ থাকবে। বর্তমান নির্বাচিত সরকারের দায়িত্বে থাকবে কেবলমাত্র গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করে পরবর্তী নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা।

তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধানের সপ্তম ভাগে ১১৯ দফার ১ -এর ক,খ,গ,ঘ এবং ২ উপদফায় স্পষ্ট করে রাষ্ট্রপতি ও জাতীয় সংসদ নির্বাচনের পরিপূর্ণ দায়িত্ব, কর্তব্য ও ক্ষমতা নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত রয়েছে। ১২০ এবং ১২৬ দফায় নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশনের কর্তৃত্ব নিরঙ্কুশ ও আনচ্যালেঞ্জড করা আছে। নির্বাচন কমিশন যেভাবে ইচ্ছা করবে, সেভাবে দায়িত্ব পালন করা প্রজাতন্ত্রের সব কর্মচারীর কর্তব্য এবং কোনো কর্মচারী এর ব্যত্যয় করলে কমিশন আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

হুইপ আরও বলেন, সংসদ থেকে বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের তুঘলকি সিদ্ধান্ত পরিকল্পিতভাবে সংকটের উদ্ভব ঘটিয়েছে। কিন্তু এখনো সংবিধানের ৫৫ দফা এবং ৫৬ দফার ১,২,৩ ও ৪ উপদফা অনুযায়ী নির্বাচনকালীন সরকারে বিএনপির অংশগ্রহণের সুযোগ আছে। তবে, ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন বিরোধীদলের নেতাকে ফোন করার পর যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে, এজন্য সরকার বা আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপিকে সরকারে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো সম্ভব নয়। তারা চাইলে তাদের বিদেশি প্রভুদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে দরজা উন্মুক্ত করতে পারে।

জেলা আওয়ামী লীগ সভাপতি আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাবেক হুইপ, আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার, জেলা সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল, আওয়ামী লীগ নেতা মোল্লা শামসুল আলম, অ্যাডভোকেট মমিন আহমেদ চৌধুরী, এস এম সোলায়মান আলী, অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, হাফিজার রহমান, সুমন কুমার সাহা, এবিএম মাসুদ রেজা, মিলন দেওয়ান, জাকারিয়া হোসেন রাজা প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *