সন্ধ্যা ৬:২৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নায়িকার মামলায় আজিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বিনোদন  প্রতিবেদক : দেশের সাবেক প্রভাবশালী প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। নতুন চিত্রনায়িকা জাকিয়া কামাল মুনের করা অর্থ প্রতারণার মামলার আসামী তিনি। গেলো ২৩ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাকে গ্রেপ্তারের এই নির্দেশ দেন।

জানা গেছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এক লিখিত চুক্তির মাধ্যমে ‘পাপ’ নামের একটি চলচ্চিত্র নির্মাণে সহযোগিতার জন্য প্রযোজক আবদুল আজিজকে এককালীন ৬০ লাখ টাকা প্রদান করেন নায়িকা জাকিয়া কামাল মুন। একই বছরের মার্চের মধ্যেই ছবিটির নির্মাণ সমাপ্ত করার কথা ছিল।

চুক্তিনামার শর্ত অনুযায়ী বিনিয়োগকৃত টাকা ফেরত দেননি আবদুল আজিজ। এই বিষয়ে বারবার আইনজীবীর মাধ্যমে নোটিশ করা হলেও তা উপেক্ষা করেছেন তিনি। বিপরীতে গেলো বছরের মে মাসে ‘পাপ’ ছবিটি একটি ওটিটি প্ল্যাটফর্মে এক কোটি ১০ লাখ টাকায় বিক্রি করেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

আরও জানা গেছে, আবদুল আজিজ টাকা ফেরত প্রদানে অস্বীকৃতি জানিয়েছেন। এমনকী হুমকি দিয়েছেন যে, বেশি বাড়াবাড়ি করলে বাদীর ক্যারিয়ার ধ্বংস করে দেবেন। এই প্রসঙ্গে মুন বলেন, আমি বারবার টাকা ফেরত চেয়েছি। কিন্তু তিনি দেননি। আমার ফোনও ধরছেন না তিনি। বরং আমাকে উল্টো ভয় – ভীতি দেখাচ্ছেন। এই কারণে বাধ্য হয়েই মামলা করেছি আমি।

এই বিষয়ে আসামী আব্দুল আজিজের বক্তব্য জানতে গণমাধ্যমকর্মীরা তার সঙ্গে যোগাযোগ করলেও কোনো সাড়া দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *