
বিনোদন ডেস্ক:
জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। এবার তিনি হাজির হলেন তরুণ নির্মাতা নাজমুল রনির পরিচালনায় নতুন নাটক পার্সেল নিয়ে।
নাটকটি রচনা করেছেন অনামিকা মণ্ডল, যেখানে তানিয়ার বিপরীতে অভিনয় করেছেন নিলয় আলমগীর।
নাটকের গল্প একটি পার্সেলকে কেন্দ্র করে এগিয়ে যায়, যা তানিয়া বৃষ্টির মতে বেশ ব্যতিক্রমধর্মী।
তিনি বলেন, ‘আমার চরিত্রটি কখনো স্বাভাবিক, কখনো অস্বাভাবিক হয়ে ওঠে। পরিচালকের সঙ্গে বিস্তারিত আলোচনা করে চরিত্রটিকে সম্পূর্ণরূপে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
এখন এমন একটি সময়, যখন নিজেকে প্রতিনিয়ত ভাঙতে হচ্ছে, যা অভিনয়ের চ্যালেঞ্জকে আরো বাড়িয়ে দিয়েছে।’
তানিয়া বৃষ্টির সাম্প্রতিক কিছু উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে জাকিউল ইসলাম রিপনের ‘মেথর’, মঞ্জিল হাসানের ‘কন্যা’, ওএসআর মজুমদারের ‘না বলা কঠিন’, যেখানে তার অভিনয় দর্শকের মন জয় করেছে।