
বিনোদন প্রতিবেদক : দেশীয় সঙ্গীতাঙ্গনে বেশ লম্বা সময় ধরে কণ্ঠশিল্পী হিসাবে নিজের প্রতিভার প্রমাণ দিয়ে যাচ্ছেন গায়িকা শিল্পী বিশ্বাস। তার কণ্ঠে বেশ কিছু গান শ্রোতাপ্রিয়তাও পেয়েছে। ক্ল্যাসিক্যাল, ফোক এবং আধুনিক গানে তার রয়েছে দারুন দক্ষতা। এক্ষেত্রে নিজের সমসাময়িক শিল্পীদের চাইতে অনেকটাই এগিয়ে আছেন সুরেলা কণ্ঠের সুন্দরী গায়িকা শিল্পী বিশ্বাস। আবারও তার গাওয়া নতুন একটি গান শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
সম্প্রতি শিল্পী বিশ্বাস তার ভক্ত – শ্রোতাদের জন্য নিয়ে এসেছেন নতুন একটি গান-ভিডিও। এটির শিরোনাম ‘রাগ কইরো না মনের মানুষ’। গানের কথা ও সুর কাব্যিক পলাশের এবং সঙ্গীতায়োজন করেছেন ইয়াসিন হোসেন নিরু। গানের ভিডিওতে মডেল হয়েছেন নাফিসা নুসরাত এবং জেরি জিনিয়াস। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তানভীর পারোস।
শিল্পী বিশ্বাস অনেক আগে থেকেই নিজের ইউটিউব থেকে গান প্রকাশের যাত্রা শুরু করেছেন। এবার ‘রাগ কইরো না মনের মানুষ’ শিরোনামের নতুন গানটিও শিল্পী বিশ্বাস মিউজিক চ্যানেল থেকে সম্প্রতি প্রকাশ করেছেন বলে জানান। গানটি প্রকাশ পাওয়ার পর তার গানের শ্রোতামহলে বেশ সাড়া ফেলেছে। শ্রোতা – দর্শকদের এমন সাড়ায় আনন্দিত এই শিল্পী। শিল্পী বিশ্বাস এই প্রসঙ্গে বলেন, দীর্ঘদিন ধরেই আমার চ্যানেলে বিভিন্ন ঘরানার গান প্রকাশ করছি। কিন্তু আশানুরূপ সাড়া পাচ্ছিলাম না। যা নিয়ে মনের ভেতর এক ধরনের চাপা কষ্ট ছিল। এই বিষয়টা নিয়ে বেশ চিন্তিত ছিলাম। কিন্তু নতুন গানটি প্রকাশ্যে আসতেই দর্শকমহলে ইতিবাচক সাড়া ফেলছে। তাই আমি এবার বেশ আনন্দিত।
তবে আক্ষেপ করে শিল্পী বিশ্বাস বলেন, তিন সপ্তাহের মধ্যে গানটির ভিউ হয়েছে ষোল লাখের বেশি। তারপরই দেখি গানটিতে অচেনা একজন স্ট্রাইক দিয়েছেন। এই চিন্তায় আমার ঘুম হারাম হয়ে যায়। বিষয়টি আমার গুরু সুজিত মোস্তফাকে জানালে তিনি কপিরাইট অফিসে যাওয়ার পরামর্শ দেন। সেখানে যাওয়ার পর সমস্যার সমাধান হয়।
বলে রাখা ভালো, গুরু সুজিত মোস্তফা সবসময় আমার বিপদে পাশে থাকেন। এবারও তিনি পাশে ছিলেন। সবার দোয়া ও ভালোবাসায় বর্তমানে গানটি সাড়ে ২৪ লাখেরও বেশি মানুষ দেখেছেন। আগামীতে যেকোনো মৌলিক গান করার ক্ষেত্রে কপিরাইট করে নেবো। আশা করছি, আমার নতুন গানটি আরও বেশি মানুষের কাছে ভালো লাগবে।