
ডেস্ক রিপোর্ট :
বগুড়ার শাজাহানপুরে দিনেদুপুরে আওয়ামী লীগ নেতার হাত কেটে নেয়ার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শাবরুল মাথাইলচাপড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহজালাল তালুকদার পারভেজ (৫০) উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল এলাকার বাসিন্দা এবং সদর উপজেলার কৈচর টেকনিক্যাল অ্যান্ড বিএমটি কলেজের প্রভাষক ছিলেন। তিনি আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।
আশেকপুর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী বলেন, ‘পারভেজ সকালে সাবরুল বাজার থেকে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। পথে মাথাইল চাপড় এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় চার থেকে পাঁচজন সন্ত্রাসী এসে পথরোধ করে তাকে কোপাতে থাকে। পারভেজ সেখান থেকে দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। সেখানে গিয়ে তাকে কুপিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।’
ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘ছেলের মৃত্যুর খবর শুনতে পেয়ে পারভেজের বাবা সাবেক মেম্বার মন্টু মিয়া স্ট্রোক করে হাসপাতালে ভর্তি আছেন। প্রায় দেড় মাস আগে পারভেজের বড় ভাই পান্নাকে দুর্বৃত্তরা চাঁদার দাবিতে ছুরিকাঘাত করে। ওই সময় পান্না বেঁচে গেলেও তার ছোট ভাই পারভেজকে হত্যার হুমকি দিয়েছিল দুর্বৃত্তরা।’
ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এসআই আনিসুর রহমান বলেন, ‘সকাল ১১টার দিকে পারভেজ নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তার মাথা, ডান হাতে আঘাতের চিহ্ন রয়েছে এবং ডান হাতের কবজি বিচ্ছিন্ন ছিল। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।