সকাল ৬:০৮ শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দশকের তিক্ততা ভুলে শাহরুখের সঙ্গে সানির আলিঙ্গন

বিনোদন ডেস্ক :
সানি দেওলের জীবনের সমস্ত সমীকরণ মিলিয়ে দিচ্ছে ‘গদর টু’। সিনেমার সাফল্য একদিকে যেমন সানির ক্যারিয়ারে নতুন অধ্যায়ের সূচনা করেছে, আরেকদিকে তার ব্যক্তিগত সম্পর্কের জটিলতাও দূর করে দিচ্ছে।

এবার তিন দশকের তিক্ততা ভুলিয়ে দিয়েছে ‘গদর টু’। তার আভাস অবশ্য সোশ্যাল মিডিয়াতে আগেই পাওয়া গিয়েছিল। যখন ‘আস্ক এসআরকে’ সেশনে সানির সিনেমার তুমুল প্রশংসা করেছিলেন শাহরুখ।

তারপরই আবার এক সাক্ষাৎকারে সানি জানান, শাহরুখ অনেক আগেই ‘গদর টু’ দেখেছেন। আর সিনেমা দেখার আগেই তাকে ফোন করেছিলেন এবং শুভেচ্ছা জানিয়েছিলেন। সানিকে শাহরুখ বলেছিলেন, ‘আমি সত্যিই খুব খুশি, এই সাফল্য তোমার প্রাপ্য।’ গৌরীর সঙ্গেও তার কথা হয়েছে বলে জানান সানি।

সেই সাক্ষাৎকারে সানি আরও বলেছিলেন, ‘সময় সমস্ত আঘাত সারিয়ে দেয়। আমরাও এই বিশ্বাসে অতীতকে পেছনে ফেলে এসেছি। এটাই তো হওয়া উচিত।’

সেই কথাই যেন রাখলেন দুই তারকা। ‘গদর টু’র সাফল্যের পার্টিতে একেবারে একে অন্যের কাঁধে হাত দিয়ে বেরিয়ে এলেন পাপারাজ্জির ক্যামেরার পোজ দেয়ার জন্য। তারপর শাহরুখকে জড়িয়ে ধরলেন সানি। এভাবেই যেন নিজেদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু করেন।
এদিকে সানির এই পার্টিতে শাহরুখ ছাড়াও, সালমান খান, আমির খান, অজয় দেবগন, কাজল, কার্তিক আরিয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, সারা আলি খান, কৃতি শ্যানন উপস্থিত ছিলেন। ছেলের সাফল্য উদযাপন করতে ধর্মেন্দ্রও এসেছিলেন। সিনেমাটিতে পাঁচশো কোটির ক্লাবে পৌঁছানো শুধুই সময়ের অপেক্ষা।

প্রসঙ্গত, ১৯৯৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘ডর’ সিনেমা। যশ চোপড়ার পরিচালনায় এই এতে অভিনয় করেছিলেন সানি দেওল, শাহরুখ খান এবং জুহি চাওলা। বলিপাড়ায় কানাঘুষো শোনা যেতে থাকে, ‘ডর’ সিনেমা মুক্তির পর থেকে সানির সঙ্গে শাহরুখের দূরত্ব তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *