বিকাল ৩:৪৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রফি নিয়ে মেসির মতো শান্তির ঘুমে শান্ত

স্পোর্টস ডেস্ক রিপোর্ট :

লিওনেল মেসি দেখিয়েছিলেন ট্রফি রেখেও ঘুমানোর ইচ্ছা হতে পারে।দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা শেষে কাতারে ২০২২ সালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে স্বপ্নের বিশ্বকাপ জিতেছিলেন লিওনেল মেসি। সেই রাতে বিশ্বকাপের ট্রফি কোলে নিয়েই ঘুমান মেসি। ট্রফি নিয়ে ঘুমন্ত মেসির সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর অনেকেই তাকে অনুকরণ করেছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্তর এ ছবিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে একটি ছবি দিয়ে শান্ত লিখেছেন, শুভ সকাল। আর ছবিটিতে দেখা যায়, হোটেল রুমে ঘুমোচ্ছেন শান্ত, আর দুহাতে জড়িয়ে রেখেছেন পাকিস্তান সিরিজ জয়ের ট্রফি। তাঁর এই ছবির মন্তব্যের ঘরে অভিনন্দন জানিয়েছেন ভক্ত-সমর্থকরা।

একজন ভক্ত লিখেছেন, ‘ট্রফি বুকে জড়িয়ে ঘুম কেমন হলো ক্যাপ্টেন? এমন আরও প্রচুর ছবি দেখতে চাই।’ অন্য একজন লিখেছেন, ‘সবাই শুধু মেসিকে ফলো করলে হবে?’

প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়ল বাংলাদেশ। দেশের বাইরে বাংলাদেশের মাত্র দ্বিতীয় সিরিজ জয় এটি। তবে পূর্ণ শক্তির কোনো দলের বিপক্ষে এটিই প্রথম। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ২-০ ব্যবধানে জিতলেও সেবার চুক্তি সংক্রান্ত ঝামেলায় খেলেননি শীর্ষ ক্রিকেটারদের কেউ।

বাংলাদেশ সিরিজ জিতেছিল দ্বিতীয় সারির দলের বিপক্ষে। এবারের জয় তাই অনেক বেশি স্পেশাল, আরও বেশি স্মরণীয়। নিজেদের সুদীর্ঘ টেস্ট ইতিহাসে আগে কেবল একবারই দেশের মাঠে হোয়াইটওয়াশড হয়েছিল পাকিস্তান। ২০২২ সালে তারা তিন ম্যাচের সিরিজের সবকটি হেরেছিল ইংল্যান্ডের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *