বিকাল ৩:৪৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফের জলসীমায় হঠাৎ বেপরোয়া আরাকান আর্মি, চরম উৎকণ্ঠায় জেলেরা

অনলাইন ডেস্ক :

টেকনাফ সীমান্তের নাফ নদের জলসীমায় হঠাৎ বেপরোয়া হয়ে উঠেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। গত চার দিনে নাফ নদের জলসীমা থেকে ৭টি বাংলাদেশি ট্রলারসহ ৪৯ জেলেকে ধরে নিয়ে গেছে তারা। এ নিয়ে টেকনাফ উপকূলজুড়ে বিরাজ করছে উৎকণ্ঠা।

বিশেষজ্ঞদের ধারণা, আরাকান আর্মি খাবারসহ প্রয়োজনীয় পণ্য ও মুক্তিপণ হিসেবে টাকা আয়ের জন্যই এমন তৎপরতা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে অপহৃত জেলেদের উদ্ধারে পদক্ষেপ ও নাইক্ষ্যংদিয়া এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে ট্রলার মালিক সমিতি। শাহপরীর দ্বীপ জেটিঘাট বোট মালিক সমিতি জানিয়েছে, গত ৫ আগস্ট একটি নৌকাসহ দুজন, ১২ আগস্ট একটি ট্রলারসহ ৫ জেলে, ২৩ আগস্ট একটি ট্রলারসহ ১২ জন, ২৪ আগস্ট দুটি ট্রলারসহ ১৪ জন, ২৫ আগস্ট একটি ট্রলারসহ সাতজন ও ২৬ আগস্ট দুটি ট্রলারসহ ১১ জন, ২৮ আগস্ট একটি ট্রলারসহ পাঁচজনকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এ নিয়ে গেল ২২ দিনে মিয়ানমারের আরাকান আর্মি ধরে নিয়ে গেছে ৫৬ জন জেলেকে। যাদের কোনো খবর পাচ্ছে না পরিবারগুলো। এখন পর্যন্ত কোনো জেলেদের ফিরিয়ে আনতে কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না।

সর্বশেষ বৃহস্পতিবার সেন্টমার্টিনের কাছে ‘সীতা’ পয়েন্ট থেকে আরাকান আর্মি সদস্যরা ট্রলারসহ আরও পাঁচ জেলেকে ধরে নিয়ে যাওয়ার তথ্য দিয়েছে ট্রলার মালিক সমিতি।

বিজিবি বলছে, অসচেতনতা এবং কিছু চোরাকারবারির সহায়তায় জলসীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে ঢুকে পড়ায় নাফ নদ ও সাগর মোহনা থেকে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশ জলসীমায় ঢুকে লোকজন ধরে নিয়ে যাওয়ার সুযোগ শুধু আরাকান আর্মি কেন, মিয়ানমারের কোনো গোষ্ঠীর নেই। কারণ সীমান্ত এলাকার নিরাপত্তায় বিজিবির তৎপরতা রয়েছে। নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *