
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
২ নভেম্বর সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ও টঙ্গীর বিসিক এলাকায় তিনটি গাড়িতে টহল দিচ্ছে বিজিবি।
টঙ্গী এলাকায় পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে টঙ্গী অঞ্চলে সড়কে যুক্ত হয়েছে তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকাল থেকে তিনটি গাড়িতে তাদের টহল দিতে দেখা যায়।
কারখানায় নিরাপত্তা জোরদারের জন্য বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
তিনি বলেন, ‘টঙ্গী, গাজীপুর ও আশপাশের এলাকায় গার্মেন্টসের নিরাপত্তা জোরদারে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।বৃহস্পতিবার সকাল থেকে টঙ্গীতে বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন।’
গত কয়েক দিন ধরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা। আন্দোলনকালে বিভিন্ন জায়গায় ভাঙচুর ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।