রাত ২:৪১ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে মাদক কারবারি তিন বোন গ্রেফতার, মাদকদ্রব্য,স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ উদ্ধার

বি এ রায়হান,গাজীপুর:
গাজীপুরের টঙ্গীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য (গাঁজা)সহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় নগরীর দত্তপাড়া দিঘিরপার ও কছিম রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য (গাঁজা), নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোটরসাইকেল জব্দ করা হয়। রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁদপুর জেলার উত্তর মতলব থানার ষাটনল এলাকার আব্দুল আউয়ালের তিন মেয়ে আসমা(৪২), রেশমা (৩৫), লিপি আক্তার লিজা(৩০) ও আসমার স্বামী মানিক মিয়া(৩১)। তারা দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রির টাকায় দত্তপাড়া এলাকায় বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মাদক বিক্রির টাকা দিয়ে গাজীপুরে প্রায় ৩০ কোটি টাকার সম্পদ গড়ে তুলেছিলেন তিন বোন। প্রথমিকভাবে পাওয়া তথ্য মতে টঙ্গীর দত্তপাড়া এলাকায় দুইটি ৬ তলা বিশিষ্ট বহুতল ভবন, সদর থানার বাহাদুরপুর ও বাউপাড়া এলাকাসহ বিভিন্ন এলাকায় জায়গা ও জমির তথ্য নিশ্চিত হয়েছে পুলিশ। এছাড়াও বিভিন্ন ব্যাংকে, পোষ্ট অফিসে সেভিংস, সঞ্চয়পত্র ও ফিক্সড ডিপোজিট লক্ষ লক্ষ টাকার জমা ও লেনদেনের তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃত চার আসামির বিরুদ্ধে রাজধানী ও আশপাশের এলাকার বিভিন্ন থানায় ১৯ মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
আসামিদের বাসায় তল্লাশি চালিয়ে ৬ কেজি নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা, ১টি ডিজিটাল পরিমাপক যন্ত্র, মাদকদ্রব্য বিক্রির নগদ ২২ হাজার ৫শত টাকা, ১টি R -15 মোটরসাইকেল, তাদের ব্যবহৃত ১৫ ভরি ৫ রতি স্বর্ণের অলংকার ও পুরাতন ১১ ভরি রুপার অলংকার জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *