
টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে চার জন ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার পৌঁনে দুইটার দিকে টঙ্গীর আরিচপুর হোন্ডা কারখানা রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার বিকেলে টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন ।
গ্রেপ্তারকৃতরা হলেন, আনোয়ার হোসেন (৩০), আল মামুন (৩০),কোরবান আলী (২৫) ও সজীব মিয়া (২০)। তাঁরা টঙ্গীর বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বাস করতেন।
পুলিশ জানায়, রবিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী পশ্চিম দক্ষিণ আরিচপুর হোন্ডারোড এলাকায় জনৈক বসির আহমেদের চায়ের দোকানের সামনে একদল ডাকাত সঙ্ঘবদ্ধ হন। এমন খবর পায় পুলিশ। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি চাকু জব্দ করেছে পুলিশ।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.শাহ আলম জানান, গ্রেপ্তারকৃতরা ডাকাত দলের সদস্য। তাঁরা টঙ্গী ও তার আশপাশের এলাকায় প্রায়ই ডাকাতি করতেন। তাদের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।