
টঙ্গী প্রতিনিধি : টঙ্গীর পাগাড় এলাকায় গত ১০ই জুন শনিবার নেশার টাকার জন্য অটো রিক্সা চালক মোশারফ করিম(২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দ্বারা গলাকেটে হত্যা করে তার ব্যবহারিত অটো রিক্সাটি একটি গ্যারেজে বিক্রি করে দুর্বৃত্তরা। এঘটনার ২৪ ঘন্টার মধ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় টঙ্গী পূর্ব থানার পুলিশ ৫ জন হত্যাকারীকে বিভিন্ন এলাকা থেকে অটোরিক্সাসহ গ্রেফতার করে। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন জিএমপি অপরাধ দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন, সোহেল মিয়া(২২), জুনায়েদ হোসেন জুনু(১৯), হৃদয় (২১), রাসেল ওরফে বাবু (২৬) ও রোমান (১৮)।
সংবাদ সম্মেলনে হাফিজুল ইসলাম বলেন, পূর্ব পরিকল্পিতভাবে অটো রিক্সা চালক মোশারফ করিমকে গত ৯ জুন দিবাগত রাতের কোন একসময়ে নেশার টাকার জন্য ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় তার ব্যবহারিত অটো রিক্সাটি নিয়ে যায় তারা। এঘটনায় নিহতের পরিবার টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরো বলেন, মরদেহ উদ্ধারের পর থেকে পুলিশের একাধিক টিম টঙ্গী, গাছা, পূবাইল, ডিএমপি ঢাকার খিলগাঁও থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। ঘটনার ২৪ঘন্টার মধ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকান্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত সোহেল মিয়া, জুনায়েদ হোসেন জুনু, হৃদয় ও রোমানকে গ্রেফতার করা হয়।
প্রাথমিকভাবে আসামীদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, পূর্ব পরিকল্পিতভাবে নেশার টাকার জন্য অটো রিক্সা চালককে হত্যা করে তার ব্যবহারিত অটো রিক্সাটি পাগাড় সোসাইটি মাঠ এলাকার বাবুর গ্যারেজে বিক্রি করে দেয় তারা। আসামীদের দেওয়া তথ্যে পুলিশ পরবর্তীতে পাগাড় সোসাইটি মাঠ এলাকায় বাবুর গ্যারেজে অভিযান চালিয়ে অটোরিক্সাটি উদ্ধার করে এবং এঘটনায় জড়িত গ্যারেজ মালিক রাসেল ওরফে বাবুকে গ্রেফতার করা হয়।