
টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
শনিবার (১০ জুন) সকাল ৭টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন পাগার ফরিদ খান রোডের বিবি মরিয়ম স্কুলের পিছন থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাতটার দিকে স্থানীয়রা গলাকাটা লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯ এর মাধ্যমে থানা পুলিশ কে খবর দিলে পুলিশ এসে অজ্ঞাত লাশটি উদ্ধার করে। রাতে কোন এক সময় ঘাতকরা অজ্ঞাত এই যুবককে হত্যা করে লাশটি ফেলে রেখে যায় বলে ধারণা করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিত ও হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।