
টঙ্গী প্রতিনিধি:
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে সালাউদ্দিন সরকারের টঙ্গীস্থ বাসভবনে বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে একত্রিত হয়। পরে টঙ্গী কলেজগেট চেয়ারম্যান বাড়ি থেকে বিশাল র্যালিটি বের হয়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে মিলগেট এলাকায় এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে সমাপ্ত হয়। আলোচনা সভায় সালাউদ্দিন সরকার বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। এই দিন জাতি দেশপ্রেম, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় এক অনন্য নজির স্থাপন করেছিল। আজও আমাদের সেই চেতনায় উজ্জীবিত হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় জনগণের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্রের পক্ষে লড়াই করে এসেছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের মনে করিয়ে দেয় অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের গুরুত্ব। র্যালিতে অংশ নেন টঙ্গী থানা বিএনপি, ওয়ার্ড বিএনপি, শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। পুরো টঙ্গী এলাকায় র্যালি চলাকালীন সময় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। অনুষ্ঠানে সালাউদ্দিন সরকার নিজেকে গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থাপন করেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি, জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে গাজীপুর-৬ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে। ইনশাআল্লাহ, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি। শেষে তিনি এলাকার জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের আহ্বান জানান।