
ডেস্ক রিপোর্ট :
দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান।ক্রিকেটে তার অবস্থানকে কাজে লাগিয়ে রাজনীতিতে আসেন বাঁ-হাতি এই স্পিন অলরাউন্ডার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য হন। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করায় ভেঙে দেওয়া হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ।
আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ায় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিজের অবস্থান পরিষ্কার না করায় রোষানলে পড়েন সাকিব।
দেশের এমন মুহূর্তে সাকিব কানাডায় খেলছিলেন গ্লোবাল টি-টোয়েন্টিতে। সেখান থেকে দেশে আসার কথা থাকলেও তিনি সরাসরি দলের যঙ্গে যোগ দেন পাকিস্তানে। তবে সামনের দিকে তার ভবিষ্যৎ কী হবে সেটাই জানতে চাওয়া হয় নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে।
দায়িত্বের প্রথম দিন সংবাদমাধ্যমে এসে সাকিবের ব্যাপারে ফারুক আহমেদ বলেছেন, ‘সাকিবের ব্যাপারে পলিসি কী হওয়া উচিত, সেটা বোর্ডের সঙ্গে আলাপ করবো। সাকিব এখন যে অবস্থায় আছে, সেই অবস্থা সে চালিয়ে যেতে পারবে কি না বোর্ডের সঙ্গে আলোচনা করবো। আমাদের এখন দু’টি টেস্ট ম্যাচ আছে। তারপরে কী হবে, সেটা তখন বোর্ডের একটা পলিসির ব্যাপার হবে।’
সাকিব এভাবে বাইরে থেকে খেলতে পারবেন কী না এটা গুরত্বের সঙ্গে দেখার কথা জানিয়েছেন নব-নির্বাচিত বিসিবি প্রেসিডেন্ট, ‘সাকিব বাইরে থেকে খেলতে পারবে কী না আরেকটা ব্যাপার। যেটা আমরা খুব গুরত্বের সঙ্গে দেখবো।’
ক্রিকেটারদের নিয়ে আরও কিছু গুরত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে। সিরিজ কিংবা সফর চলাকালীন একজন ক্রিকেটার কী করতে পারবেন আর কী করতে পারবেন না সে ব্যাপারে থাকবে সু-নির্দিষ্ট নির্দেশনা। ফারুক আহমেদ বলেন, ‘খেলোয়াড়দের ব্যাপারে কিছু নিয়ম যোগ করা হবে। তারা কি করতে পারবে, কি করতে পারবে না, এটা আমি আজকেই এখানে ঢোকার আগে অনানুষ্ঠানিকভাবে আলাপ করেছি। বিশেষ করে সফর চলাকালীন সময়, সফরের আগে পরে ক্রিকেটাররা কি করতে পারবে, কি পারবে না, এসব থাকবে।